হেরেছেন আজহারুদ্দিন, কাইফ
ভারতের লোকসভায় ভোটের লড়াইয়ে নেমেছিলেন দুই ক্রিকেটার মোহাম্মদ আজহারুদ্দিন ও মোহাম্মদ কাইফ। তবে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতাকারী এই দুজনই হেরেছেন।
আজহারুদ্দিন এর আগে নির্বাচিত হলেও ক্রিকেটে দায়িত্বশীল মিডল অর্ডার ব্যাটসম্যান কাইফের ছিল এবার প্রথম নির্বাচন।
জনসেবাকে ধ্যানজ্ঞান বলে ভোটের লড়াইয়ে নেমে উত্তর প্রদেশের ফুলপুর আসনে কাইফ বিজেপি প্রার্থীর কাছে শোচনীয়ভাবে হেরেছেন বলে এনডিটিভি জানায়।
মাত্র ১০ হাজার ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাসাব প্রাসাদ মাউরিয়ার কাছে ৮৬ হাজার ৬১৮ ভোটের ব্যবধানে হেরেছেন কাইফ। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে তার অবস্থান চতুর্থ।
এই আসনে সমাজবাদী পার্টির ধরাম রাজ সিং পাটাল পেয়েছেন ৪৩ হাজার ভোট। বহুজন সমাজ পার্টির কাপিল মুনি কারওয়ারিয়া পেয়েছেন ৩২ হাজার ভোট।
নির্বাচনী প্রচারের সময় কাইফ বলেছিলেন, “রাজনীতিই হবে আমার পেশা। মানুষের সেবা করার জন্য প্রয়োজন হলে আমি ক্রিকেটকে বিদায় জানাব।”
গতবার উত্তর প্রদেশ থেকে নির্বাচিত সাবেক ক্রিকেট অধিনায়ক আজহারুদ্দিন এবার প্রার্থী হয়েছিলেন রাজস্থানের টাং সাওয়ী মধুপুর আসনে।
স্ত্রী বলিউডের এক সময়ের তারকা সঙ্গীতা বিজলানীও নেমেছিলেন প্রচারে, কিন্তু দেশজুড়ে মোদিঝড়ে উড়ে গেছেন আজহারুদ্দিনও।
ওই আসনে বিজেপির সুখবীর সিং জৌনপুরীর কাছে হেরেছেন আজহার।
