যৌনতার মোহও ছাপিয়ে গেছে স্মার্টফোনের জনপ্রিয়তা
কিশোর-কিশোরীদের মাঝে স্মার্টফোনের জনপ্রিয়তা যৌনতাসহ অন্যসব দৈনন্দিন প্রয়োজনকেও ছাপিয়ে গেছে বলে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক গবেষণায়।
স্মার্টফোনের ঝকঝকে স্ক্রিনে চোখ বুলানোর বিনিময়ে জীবনের অন্যসব প্রয়োজন ত্যাগ করতে রাজি তারা। এমনকি বন্ধু বা বান্ধবীর সংসর্গও বিসর্জন দিতে তারা প্রস্তুত।
গবেষকরা লস এঞ্জেলেস পাবলিক স্কুলগুলোর ১২ থেকে ১৮ বছর বয়সী ১৮শ’রও বেশি হাইস্কুল শিক্ষার্থীর ওপর গবেষণা চালিয়ে এ তথ্য পেয়েছেন।
গবেষণায় অংশ নেয়া ২৬ শতাংশ শিক্ষার্থীই বলেছে, মোবাইল ফোন ছাড়া তাদের বেঁচে থাকা অসম্ভব। আর ২০ শতাংশ বলেছে তারা যৌনসংসর্গ ছাড়া বাঁচবে না।
মোবাইলের বিভিন্ন অ্যাপস নিয়ে প্রতিদিন গড়ে পাঁচ ঘণ্টা ব্যস্ত থাকে শিক্ষার্থীরা। একই সঙ্গে পাঁচটিরও বেশি অ্যাপস চালু রাখতে হয় তাদের।
প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাব যুক্তরাষ্ট্রের শিক্ষা কার্যক্রমেও ব্যাপক প্রভাব বিস্তার করছে বলে গবেষকরা জানতে পেরেছেন। মোবাইলের প্রভাবে শ্রেণিকক্ষের শিক্ষা কার্যক্রমও বদলে যাচ্ছে।
‘হাফিংটন পোস্ট’ এর খবরে বলা হয়, ৪৪ শতাংশ শিক্ষার্থী খাতায় ক্লাস নোট নেয়ার চেয়ে তাদের মোবাইলের বিভিন্ন অ্যাপস ব্যবহার করে শিক্ষকের বক্তব্য সংরক্ষণ করাটাই বেশি পছন্দ করছে।
