সিএআর’র দ্বন্দ্বে জড়িতদের বিরুদ্ধে ওবামার নিষেধাজ্ঞা
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (সিএআর) এর ক্রমবর্ধমান দ্বন্দ্বে ভূমিকা রাখার দায়ে ৫ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
মঙ্গলবার ওবামা এ সংক্রান্ত একটি আদেশে সই করেন বলে বুধবার সিনহুয়া জানিয়েছে।
এ নিষেধাজ্ঞার আওতায় সিএআর’র পাঁচজন কর্মকর্তা রয়েছেন যাদের মধ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বজিজে ও সাবেক অন্তর্বর্তী প্রেসিডেন্ট মিচেল দজতোদিয়া রয়েছেন।
এছাড়া রয়েছেন সাবেক বেসামরিক নিরাপত্তা মন্ত্রী নুরেদ্দিনে আদম, ডেমক্রেটিক ফ্রন্ট অব দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পিপল এর নেতা আব্দুলায়ি মিসকিনে এবং বালাকা বিরোধী রাজনৈতিক সমন্বয়ক লেভি ইয়াকিতে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এদের বিরুদ্ধে সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ বিষয়ে এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেছেন, “এ নিষেধাজ্ঞার মাধ্যমে বিচারহীনতা সহ্য করা হবে না মর্মে একটি শক্তিশালী বার্তা দেয়া গেছে এবং সিএআর’র স্থিতিশীলতা বিরুদ্ধে যারা হুমকি তৈরি করছে তাদের এর ফলাফল বহন করতে হবে।”
