২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় অপহৃতদের সন্ধানে যুক্তরাষ্ট্রের বিমান

নাইজেরিয়ায় বোকো হারাম মুসলিম জঙ্গি গোষ্ঠীর হাতে অপহৃত ২ শতাধিক স্কুলছাত্রীর হদিস পেতে মনুষ্যচালিত নজরদারি বিমান অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 07:26 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

স্যাটেলাইটে তোলা ছবি নিয়েও নাইজেরিয়া সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, “আমরা নাইজেরিয়া সরকারের অনুমতিতে নাইজেরীয়দের সঙ্গে স্যাটেলাইট ছবি এবং মনুষ্যচালিত আইএসআর (গোয়েন্দা, নজরদারি ও অনুসন্ধানী বিমান) নিয়ে কাজ করছি”।

বোকো হারাম প্রায় ১৩০ স্কুলছাত্রীর ভিডিও প্রকাশের পর এ অভিযান শুরু হল। জেলে আটক জঙ্গিদের মুক্তির বিনিময়ে অপহৃতদের ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে জঙ্গিরা।

অনুসন্ধান কাজে সহায়তা করতে নাইজেরিয়ায় রয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই এবং প্রতিরক্ষা ও পররাষ্ট্র দপ্তরের সদস্যদের নিয়ে গঠিত প্রায় ৩০ জন মার্কিন বিশেষজ্ঞের একটি দল।

বিবিসি সংবাদদাতারা বলছেন, অনুসন্ধান কাজে নিয়োজিত বিমানগুলো কি ধরনের তা জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমান আছে যেগুলোতে বিস্তীর্ণ এলাকাজুড়ে কোনোরকম মোবাইল ফোনআলাপ এবং টেলিযোগাযোগ ধরা পড়া সম্ভব।

অন্যান্য কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র অনুসন্ধান অভিযানে চালকবিহীন (ড্রোন) বিমান নামানোর কথাও ভাবছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র জেন সাকি সোমবার বলেছিলেন, গোয়েন্দা বিশেষজ্ঞরা অপহৃত ছাত্রীদের সন্ধান পেতে ‘ক্লু’ এর জন্য বোকো হারামের প্রকাশিত ভিডিওটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে।

গত ১৪ এপ্রিল নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের একটি স্কুলে হামলা চালায় পশ্চিমা শিক্ষার বিরোধী বোকো হারাম জঙ্গিরা।

হামলার পর ৫০ জন পালিয়ে আসতে পারলেও ২০০ শতাধিক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বোকো হারাম। এর পর কয়েক ধাপে আরো কিছু ছাত্রীকে অপহরণ করে তারা।

পরিণত বয়সে বিয়ে করার পরিবর্তে স্কুলে যাওয়ায় ওই ছাত্রীদের বিক্রি করারও হুমকি দিয়েছে জঙ্গিরা।