বিরোধীদের বিক্ষোভ কর্মসূচির মুখে থাই সিনেট
থাইল্যান্ডের বিক্ষোভকারীরা বর্তমান মন্ত্রীসভার বদলে একটি নতুন প্রশাসন নিয়োগ দেয়ার দাবি জানিয়েছে। দাবি আদায় না হলে বিক্ষোভ কর্মসূচির হুমকি দিয়েছে তারা।
ছয়মাস ধরে সরকার পতনের চেষ্টা চালিয়ে আসা বিক্ষোভকারীরা পার্লামেন্টের কাছে তাঁবু গাড়ছে। সিনেট দাবি না মানলে তারা সক্রিয় তৎপরতা শুরু করবে।
সাংবিধানিক আদালতের নির্দেশে গত সপ্তাহে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াতসহ ৯ মন্ত্রী। কিন্তু তার ক্ষমতাসীন দলের তত্ত্বাবধায়ক সরকার এখনো বহাল। জুলাইয়ে নতুন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এ সরকার কাজ করছে।
সরকার বিরোধী বিক্ষোভকারীরা এখন রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে ইংলাকের প্রশাসন বদলে একটি অনির্বাচিত গণপরিষদ গঠনের দাবি জানাচ্ছে।
ওদিকে, সরকার সমর্থকরা সতর্ক করে দিয়ে বলেছে, বর্তমান তত্ত্বাবধায়ক প্রশাসন ও এর নতুন প্রধানমন্ত্রীকে উৎখাতের কোনোরকম চেষ্টা চললে সহিংসতা ছড়িয়ে পড়বে।
