২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণভোটের ফল বাস্তবায়নের আহ্বান রাশিয়ার, আরো নিষেধাজ্ঞা

পূর্ব ইউক্রেইনের ডোনেস্ক ও লুহানস্কে রুশপন্থিদের অনুষ্ঠিত গণভোটের ফল বাস্তবায়নের আহ্বান জানিয়েছে রাশিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 08:22 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে পূর্ব ইউক্রেইনের জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখানো উচিত বলে মন্তব্য করেছে মস্কো । তবে ইউক্রেইন এ গণভোটকে আইনি ভিত্তিহীন এক ‘প্রহসন’ বলে উড়িয়ে দিয়েছে।

কিন্তু গণভোটে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতির কথা উল্লেখ করে ক্রেমলিন বিবৃতিতে বলেছে, এতে জনগণের ইচ্ছারই প্রতিফলন ঘটেছে। শক্তি প্রয়োগ এবং ভারি অস্ত্র ব্যবহার করে ইউক্রেইন গণভোটে বাধা দেয়ার চেষ্টা করেছে বলেও বিবৃতিতে অভিযোগ করেছে মস্কো।

সব বাধাবিঘ্ন পেরিয়ে গণভোট অনুষ্ঠিত হওয়ার পর এখন এর ফল কোনোরকম সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ এবং ভদ্রভাবে বাস্তবায়ন করা হবে এমনটিই আশা করছেন বলে জানিয়েছেন রাশিয়ার কর্মকর্তারা।

একইসঙ্গে ডোনেস্ক ও লুহানস্ক এর সঙ্গে কিয়েভের আলোচনায় বসার আহ্বানও জানান তারা।ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার অংশগ্রহণে এ আলোচনা অনুষ্ঠানের পরমার্শ দেন কর্মকর্তারা।

ওদিকে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়ার ওপর নিধোজ্ঞা আরো বাড়িয়েছেন। এবার নিষেধাজ্ঞার কবলে পড়েছে ক্রিমিয়া অঞ্চলের দুটি কোম্পানি ও ১৩ জন ব্যক্তি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের নাম প্রকাশ করা হতে পারে।

এসব কোম্পানি ও ব্যক্তির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করাসহ সম্পদ জব্দ করা হতে পারে। তাছাড়া, রাশিয়ার ওপর আরো কতটা বিস্তৃত পরিসরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা যায় তা নিয়ে আলোচনা করছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা।