নাইজেরিয়ায় অপহৃত স্কুলছাত্রীদের ভিডিও প্রকাশ
নাইজেরিয়ার মুসলিম জঙ্গি গোষ্ঠী বোকো হারাম নতুন একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি গত মাসে অপহৃত প্রায় ১৩০ স্কুলছাত্রীর বলে জানিয়েছে তারা।
বোকো হারামের নেতা বলেছেন, বন্দি জঙ্গিরা মুক্তি না পাওয়া পর্যন্ত এ ছাত্রীদেরকে আটকে রাখা হবে। অপহৃতদেরকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে বলে জানান তিনি।
সোমবার প্রকাশিত ১৭ মিনিটের ভিডিওতে তিন ছাত্রীকে পুরোদস্তুর হিজাব পরে কথা বলতে দেখা যায়। তাদের দুজন খ্রিস্টান থেকে মুসলিম ধর্মে দিক্ষীত হয়েছে বলে জানায়। অপরজন জানায় সে মুসলিম।
ইসলামধর্মে দিক্ষীত করে এই ছাত্রীদেরকে প্রকারান্তরে মুক্তিই দেয়া হয়েছে বলে ভিডিওতে মন্তব্য করেন বোকো হারাম নেতা আবু বকর শেকাউ।
অপহৃত ছাত্রীদের বেশির ভাগই খ্রিস্টান বলে ধারণা করা হয়। তবে তাদের মধ্যে অনেকে মুসলমানও আছে।
সংবাদদাতারা বলছেন, ছাত্রীদেরকে শান্তই দেখা গেছে এবং একজন বলেছে, তাদের কোনো ক্ষতি করা হয়নি। ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে সে সম্পর্কে আভাস পাওয়া যায়নি। তবে জায়গাটি দেখে পল্লী অঞ্চল বলেই মনে করা হচ্ছে।
বর্নো রাজ্যের চিবোক থেকে ২ শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করা হলেও ভিডিওতে দেখা গেছে প্রায় ১৩০ জন মতো ছাত্রীকে। অপহৃতদের সন্ধান যাতে সহজেই না মেলে সেজন্য তাদেরকে ছোট ছোট দলে ভাগ করে আটকে রাখা হয়েছে বলে ধারণা করছেন সংবাদদাতারা।
বোকো হারাম এর আগে স্কুলছাত্রীদেরকে অপহরণের দায় স্বীকার করেছে।
গত ১৪ এপ্রিল নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের একটি স্কুলে হামলা চালায় পশ্চিমা শিক্ষার বিরোধী বোকো হারাম জঙ্গিরা।
হামলার পর ৫০ জন পালিয়ে আসতে পারলেও ২০০ শতাধিক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বোকো হারাম। এর পর কয়েক ধাপে আরো কিছু ছাত্রীকে অপহরণ করে তারা।
পরিণত বয়সে বিয়ে করার পরিবর্তে স্কুলে যাওয়ায় ওই ছাত্রীদের বিক্রি করার হুমকি দিচ্ছে জঙ্গিরা।
