২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোকসভার নবম পর্বের ভোট গ্রহণ শেষ

বিশ্বের বৃহত্তম নির্বাচন হিসেবে পরিচিত ভারতের লোকসভা নির্বাচনের নবম পর্বের ভোট গ্রহণ শেষ হয়েছে। মোট নয় পর্বে বিভক্ত এ নির্বাচনের এটিই শেষ পর্ব।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 12:39 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

সোমবার সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

শেষ এ পর্বে তিনটি রাজ্যের ৪১টি আসনে ভোট গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উত্তর প্রদেশের ১৮টি, পশ্চিমবঙ্গের ১৭টি এবং বিহারের ছয়টি আসন রয়েছে।

এ পর্বের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত দুই প্রার্থী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন। এই দুজন উত্তর প্রদেশের বারানসি আসনে পরস্পরের বিরুদ্ধে লড়ছেন।

শুক্রবার, ১৬ মে ভোট গণনার পর ফল ঘোষণা করার কথা রয়েছে।

৭ এপ্রিল ভারতের পূর্বাঞ্চলীয় দুটি রাজ্য আসাম ও ত্রিপুরার ছয়টি আসনে ভোট গ্রহণের মাধ্যমে লোকসভা নির্বাচন শুরু হয়েছিল। পরবর্তী সাতটি পর্বে অধিকাংশ আসনগুলোতে ভোট গ্রহণের পর চলতি পর্বের আসনগুলোতে ভোট গ্রহণের মাধ্যমে লোকসভা নির্বাচন এবারের মতো শেষ হল।

এবারের পর্বে তিনটি রাজ্যের ৯ কোটিরও বেশি ভোটার ভোট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

শনিবার ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন। এ দিন বারানসির দিকেই ছিল সবার মনোযোগ। এখানে কংগ্রেসদলীয় প্রার্থী অজয় রাই এর পক্ষে নির্বাচনী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শীর্ষ নেতা রাহুল গান্ধি। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আঁখিলেশ যাদবও এদিন প্রাচীন এই হিন্দু তীর্থ শহরটিতে প্রচারণা চালিয়েছেন।

বারানসি আসনে বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদি শহরের অদূরে বরার্টসগঞ্জে নির্বাচনী জনসভা করেছেন।

উত্তর প্রদেশের যে ১৮টি আসনে ভোট হচ্ছে তার মধ্যে রাজ্যের ক্ষমতাসীন দল সমাজবাদী পার্টির দখলে আছে ছয়টি আসন, বহুজন সমাজ পার্টির দখলে পাঁচটি আসন, বিজেপির চারটি এবং কংগ্রেসের দখলে আছে তিনটি আসন।

পশ্চিমবঙ্গের ১৭টি আসনের মধ্যে ১৪টি তৃণমূল কংগ্রেসের, তাদের জোটসঙ্গী এসইউসি’র দখলে ছিল একটি ও কংগ্রেসের দখলে ছিল একটি আসন।

যে ১৭টি আসনে ভোট হয়েছে সেগুলো হল- কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মথুরাপুর, ব্যারাকপুর, দমদম, বারাসাত, বনগাঁ, বসিরহাট, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর, ঘাটাল, কাঁথি ও তমলুক।

এই ১৭টি আসনে মোট প্রার্থীর সংখ্যা ১৮৮ জন। এদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী হলেন অভিনেতা তাপস পাল, সংগীত শিল্পী ইন্দ্রনীল সেন, জাদুকর পিসি সরকার (জুনিয়র), কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরি, বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা।

এর আগে রাজ্যটির ৪২টি আসনের মধ্যে গত ১৭ এপ্রিল প্রথম দফায় চারটি, ১৪ এপ্রিল দ্বিতীয় দফায় ছয়টি, ৩০ এপ্রিল তৃতীয় দফায় নয়টি ও ৭ মে চতুর্থ দফায় ছয়টি আসনে ভোট গ্রহণ করা হয়েছিল।

নির্বাচনের শেষ এ পর্বে আরো যেসব প্রার্থী উল্লেখযোগ্য তাদের মধ্যে সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব, কেন্দ্রীয় মন্ত্রী অধীর রাজন চৌধুরি, কেন্দ্রীয় মন্ত্রী আর পি এন সিং রয়েছেন।