২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব ইউক্রেইনে রুশপন্থিদের হাতে প্রহৃত রেড ক্রসকর্মীরা

পূর্ব ইউক্রেইনের ডোনেস্ক শহরে মানবিক সহায়তা কাজে নিয়োজিত রেড ক্রসকর্মীদের সাতঘণ্টা জিম্মি করে রেখেছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 May 2014, 06:44 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শনিবার সকালের দিকে জিম্মিদের ছেড়ে দেয়ার আগে এক ত্রাণ সহায়তাকর্মীকে বেদম মারধর করা হয় বলে রেড ক্রস জানিয়েছে।

ডোনেস্ক-এ রোববার কিয়েভ থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবিতে গণভোট হওয়ার কথা রয়েছে। এলাকাটিতে ইউক্রেইনের সেনাবাহিনী ও রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে ব্যাপক যুদ্ধ চলতে থাকায় জরুরি ওষুধসহ অন্যান্য ত্রাণ সরবরাহের কাজ করছে রেড ক্রস।

এক রুশপন্থি নেতা বলেন, তার কর্মীরা শুক্রবার বিকালে গুপ্তচর সন্দেহে কয়েকজনকে আটক করে।

রেড ক্রস কর্মকর্তা ইরিনা জেরিয়াক বলেন, তাদেরকে শনিবার ২টার দিকে ছেড়ে দেয়া হয়েছে। একজনকে ব্যাপক মারধর করা হয়েছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ফ্রান্স-জার্মানির হুঁশিয়ারি

এদিকে আগামী ২৫ মে ইউক্রেইনের প্রেসিডেন্ট নির্বাচন ব্যাহত হলে রাশিয়ার বিরুদ্ধে আরো অবরোধ দেয়ার হুমকি দিয়েছে ফ্রান্স ও জার্মানি।

বিবিসির খবরে বলা হয়, ইউক্রেইনে আরো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সিস ওঁলান্দ ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

এছাড়া আঞ্চলিক পর্যায়ে আয়োজন করা রোববারের গণভোটকেও অবৈধ বলে দাবি করেন তারা।

সম্প্রতি জার্মানিতে দুই নেতার মধ্যে বৈঠক হয়।

বৈঠক শেষে দেয়া যৌথ বিবৃতি ইউক্রেইনকে নির্বাচনের আগে জনগণ ও সম্পদের কোনো ক্ষতির আশঙ্কা না থাকলে বড় ধরনের সেনা অভিযান চালাতেও বারণ করা হয়।