২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট দিচ্ছেন না প্রণব মুখোপাধ্যায়

রাষ্ট্রপতি হিসেবে নিরপেক্ষতার প্রমাণ দেখাতে লোকসভা নির্বাচনে ভোট দিচ্ছেন না প্রণব মুখোপাধ্যায়।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

নয়া দিল্লি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 04:07 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

ভারতের রাষ্ট্রপতি প্রণব দক্ষিণ কলকাতার ভোটার। আগামী ১২ মে দক্ষিণ কলকাতার ১৬০ রাসবিহারী এভিনিউ কেন্দ্রে তার ভোট দেয়ার সব প্রস্তুতি নেয়াও হয়েছিল।

তবে রাষ্ট্রপতির প্রেসসচিব বেনু রাজামনি সাংবাদিকদের জানিয়েছেন, ভোট দিতে যাচ্ছেন না প্রণব মুখোপাধ্যায়। 

“অতীতে যারা দেশের রাষ্ট্রপতি ছিলেন, তাদের অনেকেই নিরপেক্ষতার খাতিরে ভোটাধিকার প্রয়োগ করেননি। মহামান্য রাষ্ট্রপতি ওই পথ অনুসরণ করে একই সিদ্ধান্ত নিয়েছেন।”

দক্ষিণ কলকাতার ওই আসনে প্রণব মুখোপাধ্যায়ের দল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন মালা রায়। ওই আসনে অন্য প্রার্থীরা হলেন তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সি, সিপিএমের নন্দিনী মুখোপাধ্যায় ও বিজেপির তথাগত রায়।

পশ্চিমবঙ্গের বাঙালি প্রণব দীর্ঘদিন ধরে কংগ্রেসের হয়ে জঙ্গিপুর আসন থেকে নির্বাচিত হয়ে আসছিলেন। মন্ত্রিসভায় বিভিন্ন দায়িত্ব সামলানোর পাশাপাশি লোকসভায় সরকারি দলের নেতার পদেও ছিলেন তিনি।

বাঙালিদের মধ্যে প্রণবই প্রথম ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি হওয়ার পর দলের সঙ্গে সব সংস্রব ত্যাগ করেন তিনি।

প্রণব মুখোপাধ্যায় বিয়ে করেছেন বাংলাদেশের একটি পরিবারের মেয়েকে। তার স্ত্রীর স্বজনদের অধিকাংশ কলকাতায় পাড়ি জমালেও এক ভাই এখনো রয়েছেন নড়াইলে পৈত্রিক ভিটায়।