দক্ষিণ চীনের স্টেশনে ছুরি নিয়ে হামলা
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংঝু’র একটি স্টেশনে এক ছুরি হামলায় অন্ততপক্ষে ছয়জন আহত হয়েছেন। এ সময় এক হামলাকারীকে গুলি করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে গুয়াংঝু’র বেসামরিক নিরাপত্তা ব্যুরো প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ১১টায় তারা ঘটনাস্থল স্টেশনটিতে হাজির হয়।
এই হামলা ঘটনায় কতোজন অংশগ্রহণ করেছে তার স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় গণমাধ্যমের কোনো কোনোটিতে চারজন আর অন্যগুলোতে দুজন হামলাকারীর কথা বলা হয়েছে।
এদের একজনকে আটক করা হলেও অন্যজন পালিয়ে যায় বলে জানানো হয়েছে।
দৈনিক গুয়াংঝু এর ওয়েইবো মাইক্রোব্লগ এক দোকান মালিকের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সন্দেহভাজন দুই হামলাকারী তার দোকানে দুইঘন্টা ধরে অপেক্ষা করেছে, এ সময় কাপড়ের ব্যাগের ভিতরে ছুরিগুলো লুকিয়ে রেখেছিল তারা।
হঠাৎ চিৎকার দিয়ে ব্যাগ থেকে ছুরি বের করে স্টেশনে অপেক্ষমাণ মানুষদের ওপর হামলা শুরু করে তারা।
হামলার উদ্দেশ্য সম্পর্কে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো কিছু জানা না যায়নি। দেশটির পশ্চিামঞ্চলীয় অঞ্চল জিনজিয়াংয়ের উরুমকি স্টেশনে এক ছুরি হামলার এক সপ্তাহ পর এ হামলাটি চালানো হল।
এর আগে মার্চে কুনমিং এর একটি স্টেশনে অপর এক ছুরি হামলায় ২৯ জন নিহত হয়েছিল।
এসব হামলার জন্য জিনজিয়াংয়ে বসবাসকারী সংখ্যালঘু মুসলিম উইগুর সম্প্রদায়ের বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে চীনা কর্তৃপক্ষ।
