প্রতিবাদের মুখে বক্তব্য দেয়া হল না কন্ডোলিৎসার
শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেয়া থেকে নিজেকে সরিয়ে নিলেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডেলিৎসা রাইস।
ছাত্রদের ক্ষুব্ধ হওয়ার খবর পেয়ে শনিবার এক বিবৃতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের এ পররাষ্ট্রমন্ত্রী নিজেই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সাড়া না দেয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন।
তিনি বলেন, “ডিগ্রি গ্রহণের অনুষ্ঠানটি হচ্ছে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকের জন্য অত্যন্ত আনন্দ উৎসবের। কিন্তু আমাকে আমন্ত্রণ জানানোর পরিপ্রেক্ষিতে ভার্সিটির চেহারা পাল্টে গেছে এবং ওই অনুষ্ঠানটিও গোলযোগপূর্ণ হতে পারে।”
আগামী ১৮ মে নিউ জার্সির রাটগার্স ইউনিভার্সিটির স্কারলেট নাইট গ্রাডের ডিগ্রি প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল রাইসকে।
এজন্য ৩৫ হাজার ডলারও পেতেন তিনি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত গণমাধ্যমে প্রকাশিত হলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
বুশ-রাইসের সময়কালে ইরাকে ‘অযৌক্তিক যুদ্ধে’ সাড়ে চার হাজার মার্কিন সেনা ও নারী-শিশুসহ বহু মানুষের প্রাণহানির ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাইসকে বক্তব্য দেয়ার আমন্ত্রণ বাতিলের দাবি জানায় কর্তৃপক্ষের কাছে।
একইসঙ্গে ডিগ্রি প্রদান অনুষ্ঠানের আগে বিক্ষোভের প্রস্তুতিও নেয় তারা।
কন্ডোলিৎসা রাইস বিবৃতিতে ইরাকযুদ্ধে মার্কিন সেনাদের হতাহতের কিছুটা দায়ও নিয়েছেন নিজের কাঁধে।
“প্রতিটি নাগরিকেরই দ্বিমত পোষণের অধিকার রয়েছে। ইরাক যুদ্ধে ৪৪৮৬ মার্কিন সৈন্য নিহত হয়েছেন, যার দায় কিছুটা হলেও আমাকেও নিতে হচ্ছে,” বলেন তিনি।
