সোমালিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৬
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে এক বোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খ্যাতিমান এক সাবেক সরকারি কর্মকর্তাও আছেন।
শনিবার চালানো এ হামলার দায়িত্ব স্বীকার করেছে ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠি আল শাবাব, জানিয়েছে বিবিসি।
মোগাদিশুর কেন্দ্রিয় “কিলোমিটার ফোর” এলাকার তুর্কি দূতাবাসের কাছে বোমাটি বিস্ফোরিত হয়। নিহত সাবেক সরকারি কর্মকর্তার গাড়ি লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে।
নিহত সাবেক সরকারি কর্মকর্তার নাম আব্দিকাফি হিলৌলি এবং তিনি মোগাদিশু নগর প্রশাসনের সচিব ছিলেন।
আশ শাবাবের মুখপাত্র আব্দিআজিজ আবু মুসাব বার্তা সংস্থাগুলোর কাছে পাঠানো বিবৃতিতে হামলার দায়িত্ব স্বীকার করেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে পুলিশ ও বেসামরিক মানুষ রয়েছেন।
বোমাটি গাড়ির সঙ্গে লাগানো ছিল, না রাস্তার পাশে পুঁতে রাখা হয়েছিল এবং দূর নিয়ন্ত্রকের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছিল তা পরিষ্কার নয় বলে জানিয়েছে বিবিসি।
তবে বার্তা সংস্থা রয়টার্সকে পুলিশ কর্মকর্তা ফারাহ নুর বলেছেন, “সরকারি একটি গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়। আমাদের ধারণা, বোমাটি মাটিতে পোঁতা ছিল।”
এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
