২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে নতুন নির্বাচন ২০ জুলাই

থাইল্যান্ড ২০ জুলাইয়ে নতুন করে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 06:52 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

সাংবিধানিক আদালত গত মাসে দেশটিতে অনুষ্ঠিত ২ ফেব্রুয়ারির নির্বাচন বাতিল করে। এরপর নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীর মধ্যে সমঝোতার ভিত্তিতে ফের নির্বাচনের এ তারিখ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত ব্যাংককে বড় ধরনের সরকার বিরোধী বিক্ষোভের মুখে ফেব্রুয়ারিতে মধ্যবর্তী নির্বাচন ডেকেছিলেন।

নির্বাচনে ইংলাকের ক্ষমতাসীন দলেরই জয় আশা করা হচ্ছিল। তবে বিরোধীরা নির্বাচন বয়কট করে। সরকার বিরোধী বিক্ষোভকারীরা ভোটে বিঘ্ন সৃষ্টি করে। একদিনে গোটা দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে না পারায় আদালত নির্বাচনকে অসাংবিধানিক বলে রায় দেয়।

এরপর ফের নতুন করে ২০ জুলাইয়ে নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করল কর্তৃপক্ষ।

নির্বাচন কমিশনের সেক্রেটারি পুকং নুত্রাওং বলেন, “২০ জুলাই নির্বাচন অনুষ্ঠানের সবচেয়ে উপযোগী দিন এবং নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর জন্য রাজকীয় ডিক্রিতে রাজ অনুমতি পেতে রাজার কাছে জমা দেয়ার জন্য এর খসড়া প্রস্তুত করবে।

সরকার বিরোধীরা এ নির্বাচনে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর চেষ্টা করবে কিনা বা প্রধান বিরোধী ডেমোক্র্যাট পার্টি এতে অংশ নেবে কিনা তা ষ্পষ্ট নয়।

ব্যাংককে ২০১৩ সালের নভেম্বরে সরকার বিরোধী বিক্ষোভ থাইল্যান্ডের রাজনৈতিক ব্যবস্থাকে অচল করে দিয়েছে।বিক্ষোভ তুঙ্গে থাকার সময় মূল সব রাস্তা এবং সরকারি মন্ত্রণালয়গুলো অবরোধ করার পর থেকে এ অচলাবস্থা দেখা দিয়েছে।

বিক্ষোভকারীরা ইংলাক সরকারের পরিবর্তে অনির্বাচিত ‘গণপরিষদ’ গঠনের দাবি জানাচ্ছে। ইংলাক তার ভাই ক্ষমতাচ্যুত সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াতের কথায় দেশ পরিচালনা করছেন বলে অভিযোগ বিক্ষোভকারীদের।