ফেরিডুবি: ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই মর্মান্তিক ফেরি দুর্ঘটনা ঠেকাতে না পারা এবং সময়মত উদ্ধার তৎপরতা চালাতে তার সরকারের ব্যর্থতার জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন।
দুর্ঘটনার দায় স্বীকার করে প্রধানমন্ত্রী চুং হং-অন পদত্যাগের দু’দিনের মাথায় মন্ত্রিসভায় দেয়া এক বিবৃতিতে এ ক্ষমা চাইলেন পার্ক। বিবৃতিটি টিভিতে প্রচার করা হয়।
১৬ এপ্রিল ডুবে যাওয়া সেওল নামের ফেরিটিতে ৪৭৬ জন যাত্রী ছিল। তাদের অধিকাংশই হাইস্কুলের শিক্ষার্থী । এ পর্যন্ত প্রায় ২শ’ লাশ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার শিকার যাত্রীদের ক্ষুব্ধ স্বজনদের অভিযোগ, সরকার নিখোঁজদের উদ্ধারে গড়িমসি করছে।
বিবৃতিতে প্রেসিডেন্ট পার্ক বলেন, ফেরি দুর্ঘটনা ঠেকাতে ব্যর্থ হওয়ায় এবং ত্রাণ তৎপরতা শুরু করতে দেরির জন্য ক্ষমা চাওয়ার কোনো ভাষা তার জানা নেই। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য দুঃখ ও সমবেদনাও প্রকাশ করেন তিনি।
