২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টয়লেট ভেবে ককপিটে ঢোকার চেষ্টায় বিপত্তি

অস্ট্রেলীয় যাত্রীবাহী বিমান ছিনতাই প্রচেষ্টার অভিযোগে আটক যাত্রী জানিয়েছেন, তিনি ভুল করে টয়লেট ভেবে ককপিটে ঢোকার চেষ্টা করেছিলেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 03:50 PM

Updated : 25 Apr 2022, 04:06 PM

ইন্দোনেশীয় পুলিশের বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে বিবিসি।

শুক্রবার অস্ট্রেলিয়া থেকে যাত্রা করা যাত্রীবাহী ভার্জিন এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই করার চেষ্টার অভিযোগে একজন যাত্রীকে গ্রেপ্তার করা হয়।

ওই যাত্রীর নাম ম্যাট ক্রিস্টোফার লকলে। তিনি অস্ট্রেলিয়ার নাগরিক।

মাতাল অবস্থায় লকলের এই ‘ভুল’র কারণে বিমানটি ইন্দোনেশিয়ার বালি বিমান বন্দরে অবতরণ করতে বাধ্য হয় বলে জানিয়েছে বিবিসি।

ভার্জিন বিমান পরিবহন সংস্থার বোয়িং ৭৩৭ বিমানটি অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে যাত্রা শুরু করে।

ওই ঘটনার পর ভার্জিনের একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই যাত্রী মাতাল ছিলেন এবং বিমানটি ছিনতাইয়ের শিকার হয়নি।

ইন্দোনেশিয়ার কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছিলেন তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু শনিবার পুলিশ জানিয়েছে, ২৮ বছর বয়সী ওই যাত্রী অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে পুলিশের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, লকলে দাবি করেছেন তিনি মাতাল ছিলেন না। পারিবারিক সমস্যার কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

পুলিশের ওই মুখপাত্র আরো জানিয়েছেন, লকলে অ্যালকোহল গ্রহণ করেছেন কিনা তার পরীক্ষার ফলাফল পাওয়ার অপেক্ষা করছে পুলিশ। কিন্তু তাকে কারাগারে পাঠানোর সময় তার শ্বাস-প্রশ্বাস থেকে এ ধরনের সন্দেহজনক কোনকিছুর ঘ্রাণ পাওয়া যায়নি।

লকলে দাবি করেছেন, তিনি দুটো ব্যথানাশক ওষুধ আর কোকা-কোলা পান করেছিলেন।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা লকলে আরো দাবি করেছেন, তিনি বালিতে আসছিলেন তার ইন্দোনেশীয় স্ত্রীর খোঁজে। দুই সপ্তা আগে স্ত্রীর সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেন তিনি।

লকলে দাবি করেছেন, টয়লেট ভেবে তিনি ককপিটের দরজা ধরে টানাটানি করে ঢুকতে চেয়েছিলেন।

এ ঘটনার পর ক্রুরা তাকে ধরে হাতকড়া পড়িয়ে বালি বিমানবন্দরে অবতরণ করা পর্যন্ত বিমানের পেছনের অংশে একটি আসনে বসিয়ে রাখে।

লকলের বিরুদ্ধে আইনভঙ্গ করে যাত্রীনিরাপত্তা ঝুঁকি সৃষ্টির অভিযোগ আনা হতে পারে। আর এই অভিযোগ প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও ৪৩ হাজার মার্কিন ডলার জরিমানা হতে পারে।