২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে ছাড়বে না ‘পোলিও’

পোলিও ভাইরাসকে পৃথিবী থেকে প্রায় নির্মূল করে ফেলায় বিশ্বের একের পর এক রাষ্ট্র যখন সাফল্য পাচ্ছে তখন একটি রাষ্ট্রের চিত্র হতাশাজনকই থেকে যাচ্ছে। আর সেই রাষ্ট্রটি হচ্ছে পাকিস্তান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 02:16 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনগুলোতে ভাইরাসটির বিরুদ্ধে পাকিস্তানের লড়াইয়ে ব্যর্থতার চিত্রই প্রকাশ পেয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে শনিবার জানিয়েছে দ্য ডন।

“বিশ্বে পোলিও ভাইরাসের বাসস্থান হিসেবে শেষ যে তিনটি দেশ থেকে গেছে বর্তমানে তাদের শীর্ষে আছে পাকিস্তান। পোলিওর অস্তিত্ব থাকা বিশ্বের শেষ জায়গা হিসেবে থেকে যেতে পারে দেশটি,” চলতি সপ্তাহে স্ট্র্যাটেজিক অ্যাডভাইসরি গ্রুপ অব এক্সপার্ট (এসএজিই) এর বৈঠকের সংক্ষিপ্তসার হিসেবে এই তথ্যটি প্রকাশ করা হয়।

চলতি মাসের প্রথম সপ্তাহে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদর দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচী ও রোগ নির্মূলে এসএজিই ডব্লিউএইচও’র শীর্ষ উপদেষ্টা কমিটি।

ওই বৈঠকের পুরো প্রতিবেদন আগামী ২৩ মে ডব্লিউএইচও’র সাপ্তাহিক এপিডেমিওলোজি রেকর্ডে প্রকাশ করা হবে।

প্রচেষ্টা সত্বেও পোলিও নির্মূলে ব্যর্থ তিনটি দেশ, পাকিস্তান, নাইজেরিয়া ও আফগানিস্তানের পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এসএজিই’র বৈঠকটি ডাকা হয়।

চলতি বছরে ৫০টি পোলিও ভাইরাস আক্রান্তের ঘটনায় তিনটি দেশের মধ্যে শীর্ষে আছে পাকিস্তান।

এর আগে, ডব্লিউএইচও ধারণা করেছিল জনসংখ্যা ও স্বাস্থ্যখাতের দুর্বল অবকাঠোমোর কারণে ভারতই হতে যাচ্ছে বিশ্বের শেষ ‘পোলিও আক্রান্ত দেশ’। কিন্তু পোলিওমুক্ত রাষ্ট্রের মর্যাদা অর্জন করে বিশ্বকে বিস্মিত করে দিয়েছে দেশটি।