শেরপাদের অভিযান বয়কটের হুমকি, এভারেস্ট যাত্রায় অনিশ্চয়তা
শেরপাদের অভিযানে না যাওয়ার হুমকির মুখে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের বেইসক্যাম্প থেকে অভিযাত্রীরা নিচে ফিরে আসতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।
এক সপ্তাহ আগে বরফ ধসে ১৩ শেরপা নিহত ও আরো তিনজন নিখোঁজ হওয়ার পর বিভিন্ন দাবি আদায়ে সোচ্চার বিক্ষুব্ধ শেরপারা এ বছর অভিযানেই না যাওয়ার হুমকি দিয়েছে।
শেরপা সংগঠনের দাবি, এখনও বরফের ফাটলে চাপা আছে তিন শেরপার দেহ। গত রোববার দুপুরের পর থেকে আবহাওয়া খারাপ হওয়ায় মরদেহ উদ্ধার না করেই কাজ বন্ধ করে দিতে হয়। কিন্তু তা মানতে পারেনি শেরপাদের সংগঠন।
তাদের বক্তব্য, অবিলম্বে ওই দেহগুলো উদ্ধার করতে হবে। এ ছাড়াও আরও ১২ দফা দাবি পেশ করেছে তারা। যে দাবিগুলো মানা না হলে এ বছর আর কোনও শেরপা অভিযানে অংশ নেবেন না বলে হুমকি দিয়েছে সংগঠন। তাতেই মাথায় হাত পড়েছে অভিযাত্রীদের।
বেইসক্যাম্পে অপেক্ষমাণ বাকি পর্বতারোহীরাও নেচে নেমে আসলে এ বছর বিশ্বের সর্বোচ্চ এই পর্বতের চূড়ায় আরোহণের অভিযান বন্ধ হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নেপাল ‘মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশন’ এর সভাপতি অং টিসেরিং শেরপা বিবিসি’কে বলেন, অধিকাংশ শেরপা পর্বতারোহণ বর্জন করলে এ বছর অভিযান ব্যাহত হওয়ার স্পষ্ট সম্ভাবনা রয়েছে।
তবে নেপালের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা মধুসুদন বুরলাকোতি বলেন, যাই ঘটুক কিছু দল এবারো পর্বতারোহণে যাবে।
প্রায় তিন মাসের পর্বতারোহণ মৌসুমে নেপালের শেরপারা জনপ্রতি আয় করেন আট হাজার মার্কিন ডলার। দেশটির মাথাপিছু ন্যুনতম আয়ের চেয়ে এ সংখ্যাটি ১০ গুণ বেশি হলেও পর্বতারোহণ খাত থেকে সরকারি আয়ের তুলনায় তা অত্যন্ত কম।
পর্বতারোহণের অনুমতি বাবদ সরকার প্রতিবছর লাখ লাখ ডলার আয় করে থাকে। অনেক প্রতিষ্ঠানে অভিযাত্রীদের কাছ থেকে ৬০ হাজার ডলারের বেশি আদায় করে থাকে।
এ বছরও তিন শতাধিক বিদেশি পর্বতারোহী এভারেস্টের চূড়ায় যাওয়ার অপেক্ষায় আছেন।
কিন্তু গত শুক্রবার বরফ ধসে ১৩ শেরপা নিহত হওয়ার পর শেরপাদের ক্ষোভের কারণে পর্বত অভিযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।
