নিখোঁজ বিমানের সম্ভাব্য ‘সঙ্কেত’ নিশ্চিত করার চেষ্টা
নিখোঁজ মালয়েশীয় বিমানের খোঁজে অনুসন্ধানরত চীনা ও অস্ট্রেলীয় জাহাজ ভারত মহাসাগরের বিস্তৃত তল্লাশি এলাকার আলাদা দুটি জায়গা থেকে শব্দ সঙ্কেত সংগ্রহ করেছে। এগুলোর কোনো একটি হারিয়ে যাওয়া বিমানটির ব্ল্যাক বক্স থেকে এসেছে কীনা তা নির্ধারণের চেষ্টা করা হচ্ছে।
রোববার অস্ট্রেলীয় তল্লাশি কর্তৃপক্ষ বলেছে, হাইশুন ০১ নামের একটি চীনা টহল জাহাজ পার্থের পশ্চিমের মহাসাগর থেকে দুইবার ক্ষীণ ‘পিং’ শব্দ সঙ্কেত পেয়েছে।যে এলাকা থেকে শব্দটি পাওয়া গেছে তার কাছকাছি কোথাও মালয়েশীয় এমএইচ৩৭০ বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।তারপর ওই এলাকায় আরো বিমান ও জাহাজ পাঠানো হয়েছে। তবে এরই মধ্যে অস্ট্রেলিয়ার এইচএমএএস ওশেন শিল্ড জাহাজ থেকে জানানো হয়েছে চীনা জাহাজ থেকে ৩শ’ নটিক্যাল মাইল দূরের একটি জায়গায় তারাও একটি “শব্দ সঙ্কেত” পেয়েছে।ব্ল্যাক বক্স থেকে পাঠানো সঙ্কেত ধরার জন্য ওশেন শিল্ডে খুব উন্নতমানের যন্ত্রপাতি লাগানো আছে।তল্লাশি অভিযান সমন্বয়কারী অস্ট্রেলীয় কর্তৃপক্ষের প্রধান অবসরপ্রাপ্ত এয়ার চীফ মার্শাল আঙ্গুস হিউস্টন পার্থে এক সংবাদ সম্মেলনে বলেছেন, “দুটি ঘটনাকেই আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিচার করছি। ওই দুটি সঙ্কেতের সঙ্গে এমএইচ৩৭০’র সঙ্গে কোনো সম্পর্ক নেই এটি নিশ্চিত না হওয়া পর্যন্ত এলাকাটি ছাড়বো না আমরা।”হাইশুন ০১’র ব্ল্যাক বক্স শনাক্তকারী যন্ত্র প্রতি সেকেন্ডে ৩৭ দশমিক ৫ কিলোহার্জ যে সঙ্কেত পেয়েছে তা একটি বিমানের রেকর্ডার থেকে নিঃসরিত সঙ্কেতের সমান মাপের।মহাসাগরের ২৫ ডিগ্রি দক্ষিণ ও ১০১ ডিগ্রি পূর্ব এলাকায় সঙ্কেতটি পাওয়া গেছে বলে শনিবার জানিয়েছে সিনহুয়া।অস্ট্রেলীয় তল্লাশি কর্তৃপক্ষ বলছে, এ ধরনের সঙ্কেত ব্ল্যাক বক্সের সঙ্কেতের সঙ্গে মিলে যায়।তারপরও এটি কোনো অকাট্য প্রমাণ নয় বলে জোর দিয়েই জানিয়েছে সিনহুয়া ও তল্লাশি কর্তৃপক্ষ।ব্ল্যাক বক্স শনাক্তকারী যন্ত্রটি তৈরি করা প্রতিষ্ঠানের কর্মকর্তা অনিশ প্যাটেল বলেছেন, “৩৭ দশমিক ৫ কিলোহার্জ তরঙ্গ ধরার জন্যই শনাক্তকারী যন্ত্রটি কাজ করছে। এটি খুবই বিশেষ ধরনের তরঙ্গ, সাগরের তলদেশে এ ধরনের শব্দ পাওয়া যায় না। তিমি কিংবা অন্যান্য সামুদ্রিক স্তন্যপায়ীরাও এ ধরনের শব্দ করে না।”হিউস্টন বলেছেন, উপগ্রহের মাধ্যমে প্রাপ্ত আগের তথ্য বিশ্লেষণ করেও তল্লাশির জন্য নির্দিষ্ট এলাকার দক্ষিণাংশেই অনুসন্ধানে জোর দেয়া হচ্ছে।“হাইশুন ০১ যে এলাকায় অভিযান চালাচ্ছে সেই দক্ষিণাংশের সম্ভবনাই সবচেয়ে বেশি বলে মনে করি আমরা। তাই আমরা হাইশুন ০১ যে দুটি শব্দ সঙ্কেত পেয়েছে তা নিয়েই বেশি আগ্রহ বোধ করছি,” বলেন তিনি।তল্লাশি এলাকার এই অংশটি ৪ হাজার ৫শ’ মিটার (১৪ হাজার ৮শ’ ফুট) গভীর বলে জানিয়েছেন হিউস্টন।
