ক্রিমিয়া নিয়ে আরো নিষেধাজ্ঞার মুখে রাশিয়া
ক্রিমিয়া সঙ্কট সমাধানের পদক্ষেপ না নিলে রাশিয়া আরো ইইউ নিষেধাজ্ঞার মুখে পড়বে বলে সতর্ক করেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।
ক্রিমিয়ায় মস্কোর হস্তক্ষেপে জড়িত ২১ রুশ-ইউক্রেইন কর্মকর্তার ওপর আগেই নিষেধাজ্ঞা দিয়েছে ইইউ। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের রাজনৈতিক ও সামরিক ব্যক্তিবর্গের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠেয় ইইউ সম্মেলনে নেতারা এ বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে।সম্মেলনের আগে বার্লিনে মের্কেল বলেন, ইইউ এটি পরিস্কার জানিয়ে দিতে চায় যে, পরিস্থিতির অবনতি হলে তারা রাশিয়ার বিরুদ্ধে যে কোনো সময় নিষেধাজ্ঞা বাড়াবে।বিশ্বের ৭ টি শিল্পোন্নত দেশ এবং রাশিয়াকে নিয়ে গঠিত জি-৮ এর অস্তিত্ব এখন আর কায়ৃকর নেই বলেও মন্তব্য করেন মের্কেল।ইউক্রেইন থেকে বেরিয়ে রাশিয়ায় যোগদানের প্রক্রিয়া শুরুর পর থেকে ক্রিমিয়ার পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। রাশিয়াপন্থিরা বুধবার ক্রিমিয়ার অন্তত দুটি সামরিক ঘাঁটি দখল করেছে।ইউক্রেইনের নৌ কমান্ডার শেরি হায়দুককে আটক করেছে রুশপন্থিরা। তবে এখন তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
