আফগানিস্তানে থানায় আত্মঘাতী হামলা, নিহত ১৮
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরের একটি থানায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে বিবিসির খবরে বলা হয়, তালেবানদের হামলায় ১০ পুলিশ সদস্য নিহত হন। পরে পুলিশ তালেবানের সাত আত্মঘাতী হামলাকারীকে হত্যা করে।
আগামী ৫ এপ্রিল দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। তালেবান জঙ্গিরা নির্বাচন ব্যবহত করার ঘোষণা দেয়ার পরই এ ধরনের জঙ্গী হামলার খবর পাওয়া যাচ্ছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ আইয়ুব সালাঙ্গি সাংবাদিকদের জানান, “হামলায় জেলা পুলিশের প্রধানসহ ১০ পুলিশ সদস্য নিহত ও অপর ১৪ জন আহত হয়েছেন। পরে পুলিশের সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধ শুরু হলে একজন সাধারণ নাগরিক ও সাত জঙ্গি নিহত হয়।”
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় প্রথম এক বিস্ফোরণের পর জঙ্গিদের সঙ্গে লড়াই শুরু হয়ে যায়।
থানাটির কাছে একটি চত্বর বিদেশি সংস্থাগুলো ব্যবহার করে থাকে। সেগুলোর মধ্যে জাতিসংঘও রয়েছে।
গণমাধ্যমে টেক্সট মেসেজ পাঠিয়ে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান গোষ্ঠী।
