‘চেচেন বিদ্রোহী নেতা উমারভ মারা গেছেন’
চেচেন বিদ্রোহীদের নেতা দোকু উমারভ মারা গেছেন বলে দাবি করেছে ইসলামপন্থি বিদ্রোহীদের প্রতি সহানুভূতিশীল একটি ওয়েবসাইট।
রাশিয়ায় কাভকাজ সেন্টারের ওয়েবসাইট এ খবর জানিয়েছে বলে বিবিসি জানিয়েছে।ওয়েবসাইটের খবরে বলা হয়, তাদের ককেশাস আমির শহীদ হয়েছেন। কিন্তু আর বিস্তারিত কিছু সেখানে বলা হয়নি।এ ব্যাপারে রাশিয়ান কর্তৃপক্ষ কোনকিছু নিশ্চিত করেনি।এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী গত কয়েক বছরে রাশিয়ায় ধারাবাহিক বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার দায়িত্ব স্বীকার করেছে।রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কর্তৃপক্ষের একজন মুখপাত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ বলছে, তিনি উমারভের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারছেন না।কাভকাজ সেন্টার ওয়েবসাইটটি তার টুইটারবার্তায় জানিয়েছে, আলি আবু মুখাম্মাদ ককেশাস অঞ্চলে নতুন আমির মনোনীত হয়েছেন।উত্তর ককেশাসে রাশিয়ার শাসনের বিরুদ্ধে লড়াইরত ইসলামপন্থি যোদ্ধাদের প্রতি ওয়েবসাইটটি সহানুভূতিশীল।এরআগে ওয়েবসাইটটিতে সেইসব ইসলামি জঙ্গি-বিদ্রোহীদের ‘শহীদ’ আখ্যা দেয়া হয়েছে যারা স্বাভাবিক কারণে মারা গেছেন। ফলে এটি পরিষ্কার নয় দোকু উমারভের শান্তিপূর্ণ মৃত্যু হয়েছে নাকি তিনি নিহত হয়েছেন।কয়েকবছর ধরে রাশিয়ান কর্তৃপক্ষ বেশ কয়েকবার তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছিল। আর সেসব দাবির কয়েকদিন পরই তিনি ভিডিওবার্তা নিয়ে হাজির হতেন।দোকু উমারভ রাশিয়ার মোস্ট ওয়ান্টেড বিদ্রোহী।
