২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনকে সমর্থনের প্রতিশ্রুতি ওবামার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইউক্রেইনের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়ে রাশিয়ার সঙ্গে দেশটির বিরোধে ইউক্রেইনের পাশে থাকারই প্রতিশ্রুতি দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 05:02 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, মস্কো ক্রিমিয়া থেকে সেনা প্রত্যাহার না করলে আন্তর্জাতিক সম্প্রদায় তাদেরকে এর মূল্য দেয়াতে বাধ্য হবে।এর আগে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনও রাশিয়াকে একই ধরনের হুঁশিয়ারি দিয়েছে।ওবামার সঙ্গে বৈঠকের পর ইউক্রেইনের প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিয়ুক বলেছেন, ইউক্রেইন কখনো রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে না।তিনি বলেন, “একবিংশ শতাব্দীতে এসে সব আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করে ইউক্রেইনের মাটিতে রুশ সেনা উপস্থিতি একেবারেই মেনে নেয়া যায় না।”ক্রিমিয়া ইউক্রেইনে থাকবে নাকি রাশিয়ায় যোগ দেবে সে প্রশ্নে জনগণের রায় জানতে রোববার ক্রিমিয়া উপদ্বীপে গণভোট হবে। তার আগেই মস্কোকে এ সতর্কবার্তা দিলেন ওবামা।ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেইনে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতনের পর রাশিয়ার সেনাবাহিনী এবং রাশিয়াপন্থি অস্ত্রধারীরা ক্রিমিয়ার বহু জায়গা দখল করে রেখেছে।প্রেসিডেন্ট ওবামা বলেছেন, “ক্রিমিয়ার রুশ ঘাঁটির বাইরে সেনাদের অবস্থাকে যুক্তরাষ্ট্র স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করে”।তিনি আরো বলেন, “আমরা জোর গলায়ই বলছি যে, আমরা ইউক্রেইনের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে দেশটির জনগণের পাশে দাঁড়াব”।