২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন সীমান্তে রাশিয়ার সামরিক মহড়া

ইউক্রেইনের সীমান্তে সামরিক মহড়া বাড়িয়েছে রাশিয়া। এটি ধারাবাহিক মহড়ার অংশ বলে দাবি করেছে দেশটি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 02:08 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

বিবিসি বলছে, ইউক্রেইনের সীমান্তবর্তী রাশিয়ায় এই সামরিক মহড়ার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্র।

ইউক্রেইনের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসিনুক জোর দিয়ে জানান, “ক্রাইমিয়া অঞ্চলের অস্তিতিশীলতার ব্যাপারে ইউক্রেইন অবশ্যই একটি রাজনৈতিক সমাধান খুঁজে পাবে।”

রুশ অধ্যুষিত স্বায়ত্বশাসিত ক্রাইমিয়ার আঞ্চলিক পার্লামেন্ট ও সরকারি সদরদপ্তরগুলো অস্ত্রধারীরা দখল করে নেয়ার পর সীমান্তে রাশিয়ার সামরিক মহড়া বাড়ানোর খবর পাওয়া গেল।

অবশ্য এই সশস্ত্রগোষ্ঠী কারা বিষয়টি এখনো পরিষ্কার নয়।

তবে প্রত্যক্ষদর্শীরা বলেছে, তারা রুশ ভাষায় কথা বলছিল এবং তাদেরকে জাতিগত রুশ বিচ্ছিন্নতাবাদী বলেই মনে হয়েছে।

ওদিকে, ক্রাইমিয়ার পার্লামেন্ট বলেছে, তারা আরো বেশি আত্মনিয়ন্ত্রণাধিকার প্রশ্নে গণভোট করতে চায়। এ ধরনের ভোট ইউক্রেইনের রাজধানী কিয়েভে ক্ষমতাসীন নতুন শাসকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

ক্রাইমিয়ার সিমফারোপোল শহরে দখল করা সরকারি ভবনগুলোতে রাশিয়ার পতাকা ওড়ানোর খবর পাওয়া গেছে আগেই। তবে কারা একাজ করেছে তা পরিষ্কার নয়।

বুধবার রাশিয়া-পন্থি বিচ্ছিন্নতাবাদী এবং ইউক্রেইনের নতুন নেতাদের সমর্থকরা শহরটিতে একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে।

ইউক্রেইনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসিনুক বিবিসি’কে বলেন, “আমরা আমাদের রুশ প্রতিপক্ষকে অনুরোধ জানাচ্ছি তাদের দায়িত্ব অনুযায়ী কাজ করতে। আমরা বিশ্বাস করি রাশিয়া ইউক্রেইনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না। ইউক্রেইনে অস্থিতিশীলতা আসে এ ধরনের যে কোনো পদক্ষেপ থেকে তারা বিরত থাকবে।”

তিনি আরো বলেন, “ইউক্রেইনকে ঐক্যবদ্ধ রাখতে আমরা বদ্ধপরিকর। ইউক্রেইনের যে কোনো বিচ্ছিন্নতাবাদীকে আইনগত ও সাংবিধানিকভাবে শাস্তি দেব আমরা।”

সামরিক মহড়ার ব্যাপারে বিশেষজ্ঞরা বলেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার মধ্য রাশিয়া ও ইউক্রেইন সীমান্তবর্তী রাশিয়ায় বিমানবাহিনীর যুদ্ধ প্রস্তুতি পরীক্ষা করতে একটি সংক্ষিপ্ত মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবারের মহড়া সেই নির্দেশ পালনেরই অংশ।