জনমত জরিপ নিষিদ্ধ হোক, চায় কংগ্রেস
ভারতে নির্বাচনী প্রচারাভিযানের সময় জনমত জরিপ নিষিদ্ধ রাখার আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন কংগ্রেস পার্টি।
জনমত জরিপ নিয়ে টিভি চ্যানেল ‘দ্য নিউজ এক্সপ্রেস’ এর একটি খবরের পর কংগ্রেস বুধবার এ আহ্বান জানায়।ভারতে মে মাসের আসন্ন নির্বাচনে কংগ্রেস পার্টির ভরাডুবির আভাস মিলেছে বিভিন্ন জনমত জরিপে।‘নিউজ এক্সপ্রেস’ চ্যানেল তাদের প্রতিবেদনে বলেছে, গোপন ক্যামেরা ব্যবহার করে চালানো এক অভিযানে দেখা গেছে, বেশ কয়েকটি জরিপসংস্থা জরিপ কাজে অসদুপায় অবলম্বন করেছে। রাজনৈতিক দলগুলোর কথামত কিংবা কখনো কখনো অর্থের বিনিময়ে গোঁজামিল দিয়ে সংখ্যা উল্লেখ করার মতো কাজও তারা করে থাকে।এ খবরের পর ভারতের দুটো বৃহৎ গণমাধ্যম গ্রুপ বলেছে, তাদের পক্ষ থেকে পরিচালনা করা জরিপ স্থগিত করবে তারা।কংগ্রেস গত বছরই প্রথম জনমত জরিপ নিষিদ্ধ করার জন্য বলেছিল। কিন্তু বিরোধীদল তখন তাদের এ আহ্বানকে নির্বাচনের আগে দলের খারাপ দিকগুলোকে ধামাচাপা দেয়ার চেষ্টা বলে মত দেয়।বর্তমানে সময়ে কংগ্রেস পার্টি নানা দুর্নীতি কেলেঙ্কারিতে জর্জরিত হয়ে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির দ্রুত অবনতির প্রেক্ষাপটে ভোটারদেরকে দলে টানতে হিমশিম খাচ্ছে।কংগ্রেসের ঊর্ধ্বতন নেতা অজয় মাকেন এক টুইটার বার্তায় বলেছেন, জনমত জরিপের তথ্যগুলো যে ইচ্ছাকৃতভাবে সাজিয়ে বলা হচ্ছে- টিভি চ্যানেলের তদন্তে আমাদের সে ধারণাই সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে।বুধবার নির্বাচন কমিশনের জনমত জরিপের ওপর কড়াকড়ির প্রস্তাবে সমর্থন জানাতে মাকেন সেখানে গেছেন বলেও জানান।নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পর এ ধরনের জনমত জরিপ বন্ধের পক্ষে কথা বলে আসছে নির্বাচন কমিশন।জরিপ বন্ধ করতে সরকার আইন চালু করুক এমনটিও চায় কমিশন। বর্তমানে কেবল ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে জরিপ চালানো নিষিদ্ধ রয়েছে।
