ইউক্রেইনে আগাম নির্বাচন ঘোষণা
ইউক্রেইনে সহিংসতা নিরসনে আগাম নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের মধ্যস্থতায় বিরোধীদের সঙ্গে উপনীত ‘শান্তি চুক্তি’র আওতায় ইয়ানুকোভিচ আগাম প্রেসিডেন্ট নির্বাচনের এ ঘোষণা দেন। এতে সমর্থন দিয়েছে বিরোধীরাও।
বিরোধীদলীয় এক নেতা শুক্রবার জার্মানির ‘বিল্ড’ পত্রিকায় বলেছেন, ইইউ এর উদ্যোগে প্রণীত চুক্তিতে বিরোধীরা সই করবে। তবে তার আগে ইন্ডিপেনডেন্স স্কয়ার নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আরো আলোচনা হওয়া প্রয়োজন।
পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অবশ্য বলছেন, ইন্ডিপেনডেন্স স্কয়ারের ‘ময়দান বিক্ষোভকারী’ পরিষদ এরই মধ্যে চুক্তির পক্ষে ভোট দিয়েছে।
বৃহস্পতিবার ইন্ডিপেনডেন্স স্কয়ারে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষে ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যুর পর প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ শান্তি চুক্তিতে বিরোধীদের সইয়ের জন্য অপেক্ষা না করেই তার ওয়েবসাইটে এক বিবৃতিতে আগাম নির্বাচনের ঘোষণা দেন।
ইউরোপ-পন্থিদের ব্যাপক বিক্ষোভে পদত্যাগের চাপের মুখে থাকা ইয়ানুকোভিচ নির্বাচন দেয়া ছাড়াও আরো কয়েকটি ছাড় দিতে রাজি হয়েছেন। এর মধ্যে রয়েছে জাতীয় ঐক্য সরকার গঠন এবং প্রেসিডেন্টের ক্ষমতা কমাতে সংবিধান পরিবর্তন করার বিষয়টি।
“ইউক্রেইনে শান্তি ফেরাতে এমন কোনো পদক্ষেপই নেই যেটা নেয়া উচিত নয়। আমি আগাম নির্বাচনের পথে যাত্রা শুরুর ঘোষণা দিচ্ছি”, বলেন তিনি।
তিন ইইউ পররাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতায় রাতভর আলোচনার পর প্রেসিডেন্ট এবং বিরোধীপক্ষের মধ্যে আপোসরফা হয়। দুপক্ষের মধ্যকার চুক্তিটি সম্পর্কে ইউক্রেইনের আইসিটিভি জানিয়েছে, এতে আছে তিনটি প্রধান প্রস্তাব।
১. ৪৮ ঘণ্টার মধ্যে ২০০৪ সালের সংবিধান চালু করা (যাতে ক্ষমতার ভারসাম্য রয়েছে) এবং ১০ দিনের মধ্যে জাতীয় ঐক্য সরকার গড়া।
২. প্রেসিডেন্ট, সরকার এবং পার্লামেন্টের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় অবিলম্বে সাংবিধানিক সংস্কারকাজ শুরু করা এবং সেপ্টেম্বরের মধ্যে তা শেষ করা।
৩. নতুন সংবিধান গৃহীত হওয়ার পর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান করা এবং এবছর ডিসেম্বরের আগেই তা সম্পন্ন করা।
কিন্তু এ চুক্তির পরও অশান্ত রাজধানী কিয়েভ। সেখানে আরো সহিংসতার খবর পাওয়া গেছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ার কথা জানিয়েছে।
২০১৩ সালের নভেম্বরে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ ইইউ’র সঙ্গে প্রস্তাবিত একটি বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাতিল করে এর পরিবর্তে রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হলে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।
এরপর গত বৃহস্পতিবারেই দেশটিতে সবচেয়ে রক্তক্ষয়ী বিক্ষোভ-সংঘর্ষ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় গত মঙ্গলবার থেকে চলমান সহিংসতায় এ পর্যন্ত ৭৭ জন নিহত এবং ৫৭৭ জন আহত হওয়ার কথা জানিয়েছে। তবে আন্দোলনকর্মীরা এ সংখ্যা আরো বেশি বলে জানিয়েছে।
