২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে ‘শান্তি চুক্তি’

ইউক্রেইনে সঙ্কট নিরসনে বিরোধীদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছার কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2014, 05:12 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

তিন ইইউ পররাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থাতায় রাতভর আলোচনার পর ইয়ানুকোভিচ এ ঘোষণা দেন। তবে চুক্তিটি পরে সই হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন তিনি।ওদিকে, চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি বলে সতর্ক করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। ইয়ানুকোভিচের দাবি মেনে নেয়ার বিষয়টি বিরোধীপক্ষ এখনো নিশ্চিত করেনি বলে জানান তিনি।রাজধানী কিয়েভ এখনো অশান্ত। ইয়ানুকোভিচ বিরোধীদের সঙ্গে চুক্তিতে পৌঁছার কথা জানানোর কয়েক ঘণ্টা পরও কিয়েভে আরো সহিংসতার খবর পাওয়া গেছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ার কথা জানিয়েছে।২০১৩ সালের নভেম্বরে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ ইইউ’র সঙ্গে প্রস্তাবিত একটি বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাতিল করে এর পরিবর্তে রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হলে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।এরপর গত বৃহস্পতিবারেই দেশটিতে সবচেয়ে রক্তক্ষয়ী বিক্ষোভ-সংঘর্ষ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় গত মঙ্গলবার থেকে চলমান সহিংসতায় এ পর্যন্ত ৭৭ জন নিহত এবং ৫৭৭ জন আহত হওয়ার কথা জানিয়েছে। তবে আন্দোলনকর্মীরা এ সংখ্যা আরো বেশি বলে জানিয়েছে।ফ্রান্স, পোল্যান্ড এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেইনের সরকার এবং বিরোধীদের মধ্যে রাতভর আলোচনায় মধ্যস্থতা করেছে। এরপর শুক্রবার সকালে প্রেসিডেন্টের দেয়া বিবৃতিতে বলা হয়, “সংশ্লিষ্ট পক্ষগুলো সঙ্কট সমাধানে একটি চুক্তি করতে রাজি হয়েছে”। তবে এ ব্যাপারে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইউক্রেইনে নিহতের সংখ্যা বেড়ে ৭৫