ফুকুশিমায় আবারো বের হয়েছে তেজস্ক্রিয় পানি
জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের একটি ট্যাঙ্ক থেকে নতুন করে ১০০ মেট্রিক টন উচ্চমাত্রার তেজস্ক্রিয় পানি বের হয়েছে।
ফুকুশিমা পরমাণু কেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেক্ট্রিক কোম্পানি (টেপকো ) একথা জানিয়েছে। গত অগাস্টের পর এটিই সবচেয়ে মারাত্মক তেজস্ক্রিয় পানি বেরোনোর ঘটনা।টেপকো বলেছে, ভুল করে পরমাণু স্থাপনার একটি ঢাকনা খোলার পর সেখান থেকে এ পানি গড়িয়ে পড়ে। তবে এ পানি প্রশান্ত মহাসাগরে পৌঁছাতে পারবে না বলে জানিয়েছে টেপকো।২০১১ সালের মার্চ মাসে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎকেন্দ্রটি। এরপর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়াসহ নানা রকমের সমস্যা মোকাবেলা করছে টেপকো।টেপকোর মুখপাত্র মাসাউকি ওনো বলেছেন, “আমরা অনেক পদক্ষেপ নিচ্ছি। কিন্তু এ ধরনের পানি বেরোনোর ঘটনায় সবাইকে উদ্বেগের মধ্যে ফেলে দেয়ার জন্য আমরা ক্ষমা চাইছি।”ট্যাঙ্ক এলাকায় কোনো ড্রেইনেজ সিস্টেম না থাকার জন্য তেজস্ক্রিয় পানি সাগরে পড়বে না বলে জানান তিনি।এর আগে, গত অগাস্টে ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রের ট্যাঙ্ক ছিদ্র হয়ে ৩০০ টন তেজস্ক্রিয় পানি বের হয়। এভাবে একের পর এক ছিদ্র থেকে তেজস্ক্রিয় পানি বেরোনোর ঘটনায় পরমাণু জ্বালানির ওপর মানুষের আস্থা ক্রমেই কমছে।
