নেপালের দুর্ঘটনাকবলিত বিমানের সব আরোহীর মৃত্যু
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নেপালে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে এর ১৮ জন আরোহীর সবাই মারা গেছেন।
সেনাবাহিনীর মুখপাত্র জগদিশ পোখারেল সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়ে বলেন, ঘটনাস্থলে যাওয়ার জন্য উদ্ধারকর্মীদের ভারি বর্ষণ ও ঝড়ো বাতাসের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে।“১৮টি মৃতদেহই খুঁজে পাওয়া গেছে। যার মধ্যে এক শিশুও রয়েছে। নয়টি মৃতদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।“কানাডার তৈরি টুইন অটার বিমানটি রোববার নেপালের পোখারা থেকে জুমলা শহরের উদ্দেশ্যে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই হারিয়ে গিয়েছিল।কর্মকর্তারা জানান, বিমানটিতে একজন বিদেশিসহ ১৫ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন। রাজধানী কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে ধীকুরা গ্রামের মাসিন পাহাড়ে রোববার বিমানটি দুর্ঘটনায় পতিত হয়।“দুর্গম ওই এলাকা থেকে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এ সপ্তাহে নেপালের অনেক এলাকায় বৃষ্টি হচ্ছে। বরফ আচ্ছাদিত পাহাড়ি এলাকাতেও বৃষ্টি হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ শেষ হতে সোমবার পর্যন্ত সময় লেগে যায়।দুর্বল ব্যবস্থাপনার জন্য দীর্ঘদিন ধরে নেপালের বিমান পরিবহনের সমালোচনা রয়েছে। এই দুর্ঘটনা সেই বিষয়টিকে আবারো উস্কে দিল।নেপাল থেকে এক ডজনের বেশি এয়ারলাইন্সের বিমান প্রায় ৫০টি বিমানবন্দরে যাতায়াত করে।নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা থাকায় ২০১৩ সালের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়ন নেপালের সব বিমানকে কালো তালিকাভূক্ত করেছে।
