২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকের জবানীতে ‘লোকসভা কাণ্ড’

“লোকসভার প্রেস গ্যালারিতে ঢোকার মুখেই নিরাপত্তাকর্মীদের বাধা। আমার পথ আগলে নিরাপত্তাকর্মীরা শরীর তল্লাশি করে ক্ষতিকর কিছু আছে কিনা খুঁজতে লাগলেন।’

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 10:31 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

অন্ধ্রপ্রদেশকে ভেঙ্গে তেলেঙ্গানা রাজ্য গঠনের প্রস্তাব পাস নিয়ে বৃহস্পতিবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় ঘটে যাওয়া তুলকালাম কাণ্ডের পর পার্লামেন্টে ঢুকতে গিয়ে বিরল এই তল্লাশির মুখোমুখি হন এনডিটিভির সাংবাদিক সন্দ্বীপ ফুকান, যা তিনি ব্লগে তুলে ধরেছেন।

লোকসভায় নিরাপত্তা তল্লাশি সম্পর্কে সন্দ্বীপ লিখেছেন, “ঘটনাটি বিরল হলেও আজকের দিনটি ছিল অন্যরকম। আজ পার্লামেন্টে সবাই ছিল টানটান উত্তেজনার মধ্যে। তেলেঙ্গানা রাজ্যের বিরোধিতাকারী মন্ধ্র অঞ্চলের এক এমপি লোকসভার ভেতরেই গায়ে আগুন দিয়ে আত্মাহুতির হুমকি দিয়েছেন।”

নিজের চোখে দেখা লোকসভার পরিস্থিতি সম্পর্কে সন্দ্বীপের লেখার শুরুটা এমন- “বেলা ১২টায় সরকার তেলেঙ্গানা বিল উত্থাপনের ঘোষণা দিলে সবার মনে ঝামেলার আশঙ্কা জেঁকে বসে। সবকিছু শান্তই ছিল। এমপিদের মধ্যে পরিচিত কিছু মুখ তেলেঙ্গানার পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে তর্ক করছিলেন।”

“আমি দেখলাম টিডিপির এমপি ভেনুগোপাল, যিনি আগেরদিন লোকসভার ভেতরেই পার্লামেন্টের এক কর্মীর কাছ থেকে কলম ছিনিয়ে নিয়েছিলেন, স্পিকারের আসনের বাম দিক দিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি ভালোভাবেই প্রস্তুত ছিলেন এবং আমার মনে হচ্ছিল যদি তিনি কোনো অঘটন ঘটিয়ে ফেলেন, তাকে আটকানো তার সহকর্মীদের জন্য কঠিন হয়ে যাবে। তবে তাকে সুষমা স্বরাজের আসনের কাছে থামানো হয়।”

তিনি বলেন, “অন্যদিকে শারদ পাওয়ার এবং কমল নাথের আসনের সামনে জড়ো হয়েছিলেন তেলেঙ্গানার পক্ষের এমপিরা। কিছু একটার আশায় সেখানে ছিলেন জি এস বিবেক ও জগনাথান। ঘড়ির কাঁটা যখন ঠিক ১২টায়, স্পিকার ঢুকলেন। ভেনুগোপাল আক্রমণাত্মক ভঙ্গীতে লোকসভার সেক্রেটারি জেনারেলের আসনের দিকে ছুটে যান। পার্লামেন্টের কর্মকর্তারা সে সময় সেখানে ছিলেন না। কিন্তু ভেনুগোপাল ঠিকই টেবিল থেকে মাইক্রোফোন তুলে ফেলেন।”

“হঠাৎই উচ্চস্বরে চিৎকার-চেচাঁমেচি। আমার ডান দিকে দেখলাম ভোট গণনার যন্ত্রটির কাচের আবরণ ভেঙে চুরমার। অধিবেশন কক্ষের নিরাপত্তা বেষ্টনির মধ্যে ঢুকে পড়েছেন জগন রেড্ডি। স্বরাষ্ট্রমন্ত্রী যখন তেলেঙ্গানা বিলটি পেশ করতে যাচ্ছিলেন, দেখলাম, কংগ্রেসের বহিষ্কৃত এমপি এল রাজাগোপাল নির্বিচারে মরিচের গুঁড়ো ছিটাচ্ছিলেন। আর পেছন থেকে পুনম প্রভাকর তাকে থামানোর চেষ্টা করছিলেন।“

সন্দ্বীপ জানান, ঘটনার পরপরই নিরাপত্তাকর্মীরা এমপিদের অধিবেশন কক্ষ ত্যাগ করার অনুরোধ জানান। ওই সময় অনেকেই মরিচের গুঁড়োর ঝাঁঝে কাশছিলেন। অনেকেই তখনও পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন।

“কয়েকমিনিটের মধ্যে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীসহ অধিকাংশ এমপি লোকসভা ছেড়ে যান। আমি বের হতে থাকা এমপিদের বক্তব্য জানতে ছুটে যাই। ৪ নম্বর গেটের কাছে গাড়ির অপেক্ষায় থাকা রাহুল গান্ধীর কাছে আমরা সাংবাদিকরা ঘটনা সম্পর্কে জানতেও চাই। কিন্তু তিনি কোনো মন্তব্য না করেই নিজের টাটা সাফারিতে চড়ে বসেন। তবে এমপি যশবন্ত সিং লোকসভার পরিস্থিতি সম্পর্কে এক কথায় বললেন, ‘লজ্জাজনক’।”

লোকসভায় পেপার স্প্রে, ছুরি