পিকনিক থেকে ফেরার পথে নৌকাডুবিতে ১২ জনের মৃত্যু
হ্রদের অপর পাশ থেকে পিকনিক সেরে ফেরার পথে নৌকাডুবিতে পিকনিক দলের ১২ জন ডুবে মারা গেছেন ও আরো ২১ জন নিখোঁজ রয়েছেন। মৃতদের মধ্যে পাঁচ নারী ও দুটি শিশু রয়েছে।
রোববার সন্ধ্যায় উড়িষ্যার সম্বলপুর জেলার হীরাকুদ হ্রদে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।ডুবে যাওয়া নৌকাটিতে ১শ’ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। অতিরিক্ত যাত্রীর ভারে নৌকাটি ডুবে গেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা আমিতাভ পাণ্ডে বলেন, “হ্রদে ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ১শ’ জন লোক ছিল বলে লোকজন জানিয়েছেন।”এ পর্যন্ত প্রায় ৯০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।তবে সাধারণ লোকজন জানিয়েছেন, উদ্ধারকারী দল হ্রদটি থেকে এ পর্যন্ত ১৬টি মৃতদেহ উদ্ধার করছেন।উদ্ধার করা মৃতদেহগুলো সম্বলপুর জেলা হাসপাতাল ও স্থানীয় ভিএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।জেলা সরকারি কর্মকর্তা মহাপাত্র জানিয়েছেন, উদ্ধারকাজে উড়িষ্যার (ওডিশা) ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স (ওডিআরএএফ), দমকল, পুলিশ ও স্থানীয় ডুবুরিরা নিয়োজিত আছেন।লায়ন্স ক্লাবের সম্বলপুর, হীরাকুদ ও বারগারাহ এলাকার সদস্যরা পিকনিকটির আয়োজন করেছিল। তারা হ্রদের অপর পাশ থেকে পিকনিক সেরে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।অতিরিক্ত যাত্রীর চাপেই নৌকাটি ডুবে গেছে বলে জানিয়েছেন পাণ্ডে।দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া একজন বলেন, “মাঝামাঝি আসার পর নৌকাটিতে একটি ছিদ্র তৈরি হয় যা দিয়ে পানি ঢুকতে থাকে, এতেই নৌকাটি ডুবে যায়।”পিকনিক থেকে ফেরা অন্য নৌকার যাত্রীরা জেলা প্রশাসন ও পুলিশকে খবর দিলে দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়। অন্যান্য নৌকার যাত্রীদের চিৎকারে দৃষ্টি আকর্ষিত হওয়া লোকজনও তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করেন বলে জানিয়েছে পুলিশ।উড়িষ্যার মহানন্দা নদী পথে বাধ দেয়ার ফলে হীরাকুদ হ্রদটি তৈরি হয়।এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জীবিতদের বিনাখরচে চিকিৎসা দেয়ার ঘোষণা দিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক।
