তালেবান-পাকিস্তান শান্তি আলোচনা
জঙ্গি গোষ্ঠী পাকিস্তান তালেবানের সঙ্গে দেশটির সরকারের প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। প্রাথমিক এ আলোচনায় দু’পক্ষের প্রতিনিধিদের পূর্ণাঙ্গ আলোচনার ‘রোডম্যাপ’ তৈরি করার কথা রয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ আলোচনা শুরু হওয়ার কথা বলে জানিয়েছে বিবিসি।২০০৭ সাল থেকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহী লড়াই শুরু করে পাকিস্তান তালেবান নামে পরিচিত তেহরিক ই তালেবান(টিটিপি)।তালেবানের পরপর বেশ কয়েকটি হামলার পরও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ শান্তি আলোচনা শুরু করার বিষয়ে অটল থাকেন। গত সপ্তাহেও আলোচনা হবে বলে ঘোষণা দেন তিনি।জানুয়ারিতে পাকিস্তান জুড়ে টিটিপি’র বেশ কয়েকটি হামলায় সেনাসহ শতাধিক মানুষ নিহত হন।এর পরিপ্রেক্ষিতে অনেক বিশ্লেষকই পাকিস্তানের ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকায় তালেবান ঘাঁটিতে একটি সামরিক অভিযান চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন।অনেক পাকিস্তানির আশঙ্কা, আলোচনার মাধ্যমে তালেবানকে শক্তি অর্জনের সুযোগ করে দেয়া ছাড়া আর কোনো লাভ হবে না।আলোচনায় পাকিস্তান সরকারের পক্ষে আছেন প্রধানমন্ত্রী নওয়াজের জাতীয় স্বার্থ বিষয়ক বিশেষ সহকারী ইরফান সিদ্দিকি, আফগানিস্তানে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত রুস্ত শাহ মোহাম্মদ, পেশোয়ারভিত্তিক সাংবাদিক রহিমুল্লাহ ইউসুফজাই ও গোয়েন্দা সংস্থা আইএসআই’র সাবেক কর্মকর্তা মেজর আামির খান।অপরদিকে ডন জানিয়েছে, টিটিপি’র প্রতিনিধি হিসেবে আছেন “তালেবানের পিতা” হিসেবে পরিচিত খাইবারে দেওবন্দি মাদ্রাসা দারুল উলুম হাক্কানির চ্যান্সেলর মাওলানা সামিউল হক, ইসলামাবাদের লাল মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল আজিজ, জামায়াতে ইসলামির নেতা প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম এবং জামিয়াত উলেমা ই ইসলামের সাবেক আইনপ্রণেতা মুফতি কিফায়েতুল্লাহ।এর আগে তালেবানের পক্ষ থেকে তাদের প্রতিনিধিদের মধ্যে তেহরিক ই ইনসাফের নেতা সাবেক ক্রিকেটার ইমরান খানের নামও দেয়া হয়েছিল। কিন্তু ইমরান খান ও কেফায়েতুল্লাহ তালেবান প্রতিনিধি হতে অস্বীকৃতি জানিয়েছিলেন।ইসলামাবাদে সরকারপক্ষের প্রতিনিধি দলের আহ্বাবায়ক ইরাফান সিদ্দিকির দপ্তরে প্রাথমিক আলোচনা শুরু হবে বলে জানিয়েছে ডন।
