থাইল্যান্ডে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা বৃদ্ধি
আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজধানী ব্যাংককে সেনাটহল বাড়িয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী। এই নির্বাচন বানচাল করার ঘোষণা দিয়েছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা।
সেনাবাহিনীর মুখপাত্র উইনথাই সুভারি রয়টার্সকে বলেন, “নিরাপত্তা পর্যবেক্ষণে সাহায্য করার জন্য আমরা এরই মধ্যে পাঁচ হাজারের বেশি সেনাসদস্যকে ব্যাংককের ভেতর ও চারপাশে মোতায়েন করেছি। বিক্ষোভকারীদের সমাবেশ স্থল ঘিরে আমরা সেনা টহল আরো বাড়াবো। কারণ সেখানে লোকজন নৃশংসতাকে উসকে দেয়ার চেষ্টা করতে পারে।“ব্যাংককের ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তায় ১০ হাজার পুলিশ দায়িত্ব পালন করছে এবং সেনাদেরও প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।২ ফেব্রুয়ারি থাইল্যান্ডে নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে উত্তেজনা বেড়েছে।সরকারবিরোধী বিক্ষোভকারীরা ব্যাংককের গুরুত্বপূর্ণ এলাকা অবরুদ্ধ করে রেখেছে। এছাড়া এ মাসের শুরু থেকে তারা রাজধানীর বেশির ভাগ মন্ত্রণালয় জোর করে বন্ধ করে রেখেছে।প্রধানমন্ত্রী ইংলাকের পদত্যাগের দাবিতে নভেম্বর থেকে থাইল্যান্ডে বিক্ষোভ শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেন ইংলাক।আন্দোলনকারীদের অভিযোগ, ইংলাক তার ভাই ক্ষমতাচ্যুত ও নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কথায় দেশ পরিচালনা করছেন।নির্বাচনের আগে শৃঙ্খলা বজায় রাখতে থাই সরকার ২২ জানুয়ারি থেকে রাজধানীতে ৬০ দিনের জরুরি অবস্থা জারি করেছে। এদিকে জরুরি অবস্থার বৈধতাকে চ্যালেঞ্জ করে বিক্ষোভকারী এক নেতা আদালতে মামলা করেছেন। একটি সিভিল আদালত বৃহস্পতিবার এই মামলার শুনানি করতে সম্মত হয়েছে।৩০ নভেম্বর থেকে এখন পর্যন্ত এই আন্দোলনে ১০ জন নিহত ও ৫৭৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে এরাওয়ান মেডিকেল সেন্টার।নির্বাচনের আগে রোববার আগাম ভোট গ্রহণের সময় ব্যাংককে একটি ভোটকেন্দ্রে সংঘর্ষে সরকারবিরোধী এক নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ওই সংঘর্ষে আরো অন্তত ডজনখানেক মানুষ আহত হয়েছেন।বিক্ষোভকারীরা ব্যাংকক ও দক্ষিণের অনেক ভোটকেন্দ্র অবরুদ্ধ করে রেখে আগাম ভোট গ্রহণ বানচাল করে দিয়েছিল।২ ফেব্রুয়ারির নির্বাচনও বানচাল করতে এবং নিজেদের পক্ষে সমর্থন বাড়াতে সরকারবিরোধী বিক্ষোভকারীরা তিনদিনের কর্মসূচী ঘোষণা করেছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বিক্ষোভকারীদের নেতা সুথেপ থাউগসুবানের নেতৃত্বে রাজধানীতে একটি মিছিল বের হয়েছে।সুথেপের দাবি, নতুন করে নির্বাচনের আগে দেশে রাজনৈতিক সংস্কার প্রয়োজন, যাতে থাইল্যান্ডের রাজনৈতিক অঙ্গন থাকসিন ও তার পরিবারের প্রভাব কাটিয়ে উঠতে পারে।এদিকে বিশেষজ্ঞদের ধারণা ২ ফেব্রুয়ারির নির্বাচনে ইংলাক সহজেই জয়লাভ করে তার আসন আরো পাকাপোক্ত করে নেবেন। প্রধানবিরোধী দল ডেমক্রেট পার্টি এরই মধ্যে এই নির্বাচন বয়কট করেছে।
