২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয় শরণার্থীদের আশ্রয় দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্য অত্যন্ত জরুরি ভিত্তিতে সিরীয় শরণার্থী শিবিরগুলোর সবচেয়ে দুর্দশাগ্রস্তদেরকে আশ্রয় দেবে। দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পার্লামেন্টের এমপি’দেরকে একথা বলেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 07:20 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

যারা যৌন সহিংসতার শিকার হয়েছে তাদেরকে তিনি সাহায্য করতে চান বলে জানান।মঙ্গলবার যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগও বাস্তুচ্যুতদের নিয়ে সরকারের নতুন এ পরিকল্পনার কথা জানিয়ে বলেন, “যারা নির্যাতনের শিকার হয়েছে অথবা যৌন নির্যাতনের হুমকিতে আছে, বৃদ্ধ, নারী-পুরুষ এবং প্রতিবন্ধীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যুক্তরাজ্যে বসবাস করতে দেয়া হবে”।এ ধরনের শরণার্থীর সংখ্যা কয়েকশ’ হতে পারে বলে সরকার ধারণা করছে। তবে প্রকৃত কোনো সংখ্যা তারা এখনো স্থির করেনি।বিবিসি জানায়, শরণার্থীদের জন্য সর্বোচ্চ তিন বছর মেয়াদি ভিসা দেয়া হবে। পরে পরিস্থিতি অনুযায়ী তাদের সেখানে অবস্থান করার যৌক্তিকতা যাচাই করা হবে।শরণার্থীদের সহায়তায় ব্রিটেনের দীর্ঘদিনের গৌরবময় ঐতিহ্যকে সমুন্নত রাখতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে দাবি করেন ক্লেগ।সিরিয়ায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের উদ্যোগের বাইরেই নতুন এ উদ্যোগ নিচ্ছে যুক্তরাজ্য। জাতিসংঘের ওই কর্মসূচি অনুযায়ী, জার্মানি ১০ হাজার এবং ফ্রান্স পাঁচশ’ সিরীয় শরণার্থীকে আশ্রয় দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।যুক্তরাজ্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক এ স্কীমে অংশ না নেয়ায় সব রাজনৈতিক দলের এমপি’দের সমালোচনার মুখে পড়েছে সরকার।তবে ক্লেগ বলছেন, “সিরিয়ার মানুষের ওপর আপতিত মানবিক বিপর্যয়ের কিছুটা লাঘবে ভূমিকা রাখতে চায় যুক্তরাজ্যের জোট সরকার। মানবাধিকার রক্ষার কাজে প্রতি বছর ৬০ কোটি পাউন্ড বিনিয়োগ করে ব্রিটেন বিশ্বের দাতাদেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে।“সিরিয়া থেকে হাজার হাজার মানুষ যুদ্ধের কারণে বাড়িঘর ছাড়তে বাধ্য হচ্ছে। তাই তাদের জন্য আমাদের সাধ্যমত কিছু করা দরকার।”