দক্ষিণ কোরিয়াকে সম্প্রীতির আহ্বান উত্তরের
‘বৈরি সামরিক কর্মকাণ্ড’ পরিহার করে সম্প্রীতি স্থাপনের আহ্বান জানিয়ে দক্ষিণ কোরিয়াকে খোলা চিঠি দিয়েছে উত্তর কেরিয়া।
বিবিসি জানায়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নির্ধারিত সামরিক মহড়া শুরুর কয়েক সপ্তাহ আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ চিঠি প্রকাশ করেছে।
কিন্তু চিঠিটি দূরভিসন্ধিমূলক বলে দাবি করে তা প্রত্যাখ্যান করেছে দক্ষিণ কেরিয়া।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বিশেষ নির্দেশে পাঠানো এ চিঠিতে দক্ষিণ কোরিয়াকে সব ধরনের সামরিক কার্যকলাপ বাদ দেয়া, দুই দেশের মধ্যে উত্তেজনা ও দোষারোপের নীতি পরিত্যাগ করা এবং আসন্ন পারমাণবিক ধ্বংসযজ্ঞ এড়ানোর প্রস্তাব দেয়া হয়।
কিন্তু দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র উই ইয়ং-সেয়প এ প্রস্তাবে সন্দেহ প্রকাশ করে বলেছেন, তাদের প্রতিদ্বন্দ্বী দেশটি একটি ‘গোপন উদ্দেশ্য’ বাস্তবায়নের জন্য দৃশ্যতঃ সমঝোতামূলক এ প্রস্তাবটি দিয়েছে।
যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশ দক্ষিণ কোরিয়ার যৌথ বার্ষিক সামরিক মহড়ার আগে সাধারণত কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বাড়ে। দু’দেশের এই সামরিক তৎপরতাকে উস্কানিমূলক বলে দাবি করে আসছে উত্তর কোরিয়া।
গত বছরও কোরিয়া উপদ্বীপে ‘ফোয়াল ঈগল’ নামের একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছিল দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশদুটির মধ্যে প্রায়ই যুদ্ধাবস্থার সৃষ্টি হয়। আগামী মাসের প্রথম দিকে অনুষ্ঠেয় যৌথ সামরিক মহড়া উত্তর কোরিয়াকে উত্তজিত করবে বলে বিশ্লেষকদের ধারণা।
