২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রক্তক্ষয়ের পর আলোচনার পথে ইউক্রেন

ইউক্রেনে নভেম্বরে সরকার বিরোধী বিক্ষোভ শুরুর পর থেকে রাজধানী কিয়েভে প্রথম রক্তক্ষয়ী সংঘর্ষের পরই প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সঙ্গে সঙ্কটকালীন আলোচনায় বসতে চলেছেন বিরোধী দলীয় নেতারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 07:43 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

আলোচনায় মধ্যবর্তী নির্বাচন আহ্বান করা না হলে ইউরোপীয় ইউনিয়নপন্থি(ইইউ)বিক্ষোভকারীদের নিয়ে বিক্ষোভ আরো তীব্রতর করার হুমকি দিয়েছেন এক বিরোধীদলীয় নেতা।

ওদিকে, প্রধানমন্ত্রী মাইকোলা আজারভ বলেছেন, আলোচনায় আপোস হওয়া সম্ভব। তবে বিরোধীদেরকে তাদের দেয়া আল্টিমেটাম থেকে সরে আসতে হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে বিনা রক্তপাতে অচলাবস্থা নিরসনের আল্টিমেটাম দেন বিরোধী দলীয় নেতারা।

তাছাড়া, আলোচনার জন্য তিনটি দাবিও জানানো হয় বিরোধীদের পক্ষ থেকে। এক. মধ্যবর্তী নির্বাচন দেয়া, দুই. বিক্ষোভ-বিরোধী কঠোর আইন বাতিল করা, তিন. সরকারের পদত্যাগ।

বিবিসি জানায়, বুধবার রাতে রাজধানী কিয়েভে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন বিক্ষোভকারী নিহত হওয়ার পর বিরোধীরা ওই আল্টিমেটাম ঘোষণা করেন বিরোধী নেতা ভিটালি ক্লিচকো।

বিরোধীদের দাবি অনুযায়ী সরকার দ্রুত নির্বাচনের ব্যবস্থা না করলে রাজধানী কিয়েভে আন্দোলন আরো তীব্রতর হবে।

বুধবার বিকেলে এক সমাবেশে বিরোধী নেতা ক্লিচকো বলেন, “প্রেসিডেন্ট দ্রুত নির্বাচন ডেকে রক্তপাতের অবসান ঘটাতে পারেন। কিন্তু তিনি যদি আগামী কালের মধ্যে সাড়া না দেন তবে আমরা আরো কঠোর আক্রমণে যাব।”

“পুলিশ ইন্ডিপিডেন্ট স্কয়ার থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দিতে প্রস্তুতি নিচ্ছে। তবে আমরা পুলিশের এই পদক্ষেপ ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করব।”

আরেক বিরোধী নেতা আর্সেনিয়া ইয়েটসিনিউক বলেন, “মিছিল-বিক্ষোভ বিরোধী আইনটি প্রত্যাহারে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হল। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আমরা সামনে এগিয়ে যাব। কোনো বুলেট আমাদেরকে ঠেকাতে পারবে না।”

দু’মাস আগে ইউরোপীয় ইউনিয়নপন্থি সরকার বিরোধীরা আন্দোলন শুরু করার পর গত বুধবারই প্রথম দুই আন্দোলনকারীর মৃত্যু হয়েছে।

রাতে আরেক বিক্ষোভকারীর লাশ উদ্ধার করার খবর জানানো হয় স্থানীয় একটি বেতারে। প্রথম দফায় নিহত দুইজনের শরীরে বুলেটের আঘাতের চিহ্ন ছিল। রাতে যে লাশটি উদ্ধার করা হয় তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল বলেও বিবিসির খবরে বলা হয়েছে।

তবে গুলিতে হতাহতের বিষয়ে জানতে বিবিসির পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইউক্রেনের রাজধানী কিয়েভে চলতি সপ্তাহজুড়ে চলা সহিংস বিক্ষোভে শত শত আন্দোলনকারী আহত হয়েছে। এর আগে সরকার রাশিয়ার পক্ষ নিয়ে ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর না করায় গত নভেম্বরে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়।

চলতি বিক্ষোভটি শুরু হয় রাজপথে আন্দোলন বিক্ষোভ নিষিদ্ধ করে সরকারের একটি আইন পাস করাকে কেন্দ্র করে। ইউক্রেন সরকারের এধরনের পদক্ষেপের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

ওদিকে রাজধানী কিয়েভে এখনো সহিংসতার আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার বিকেলেও পুলিশের ব্যারিডেকে বিক্ষোভকারীদের দেয়া আগুন জ্বলতে দেখা গেছে। এছাড়া শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বলতে দেখা যায়।