২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ কোটি দক্ষিণ কোরীয়র ক্রেডিট কার্ডের তথ্য চুরি

দক্ষিণ কোরিয়ার প্রায় অর্ধেক মানুষের ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য চুরি করে মার্কেটিং ফার্মগুলোর কাছে তা বিক্রি করেছে কোরিয়া ক্রেডিট ব্যুরো (কেসিবি) কোম্পানির এক কম্পিউটার ঠিকাদার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 08:33 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

২ কোটি দক্ষিণ কোরীয়ওর নাম, স্যোশাল সিকিউরিটি নাম্বার এবং ক্রেডিট কার্ডের বিস্তারিত খুঁটিনাটি কপি করে নেয় ওই আইটি কর্মী। একটি ইউএসবি স্টিক ব্যবহার করে তথ্যগুলো চুরি করা হয়।

এরপর ওই অপরাধী গ্রেপ্তার হওয়ার পর বিষয়টি সামনে আসে। ক্রেডিট কার্ডের তথ্য অবৈধভাবে কিনে নেয়া মার্কেটিং ফার্মগুলোর ম্যানেজাররাও গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

খবরে বলা হয়েছে, তিনটি ক্রেডিট কার্ড ফার্মের খদ্দেরের জন্য খন্ডকালীন কনসালটেন্ট হিসাবে কাজ করার সময় তাদের ক্রেডিট কার্ডের তথ্য চুরির অভিযোগ রয়েছে কেসিবির ওই কর্মচারীর বিরুদ্ধে।

ক্রেডিট কার্ড ফার্ম পরিচালনাকারীরা এখন তিনটি ফার্ম ‘কেবি কুকমিন কার্ড’, ‘লোত্তে কার্ড’ এবং ‘এনএইচ নোনহাইআপ কার্ড’ এর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে তথ্যগুলোর নিরাপদে আছে কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছে।

চুরির ফলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে তদন্তের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

তিনটি ফার্মের প্রধানরা বড় ধরনের এ তথ্য চুরির ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং খদ্দেরদের অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন।