ম্যার্কেলের ফোনে আড়িপাতা হবে না: আশ্বাস ওবামার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তিনি গোয়েন্দা তৎপরতা চালাতে গিয়ে বন্ধু রাষ্ট্র জার্মানির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হতে দেবেন না এবং দেশটির সঙ্গে সাম্প্রতিক মতোবিরোধও ফোনে আড়িপাতার কারণে সৃষ্টি হয়নি।
শনিবার জার্মান টিভি জেডডিএফ-কে দেয়া সাক্ষাৎকারে ওবামা জার্মানি ও দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে সম্পর্কের টনাপড়েনের বিষয়ে কথা বলেন।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জার্মানির নাগরিকদের ইন্টারনেট যোগাযোগের তথ্য সংগ্রহ করছে এবং ম্যার্কেলের ব্যক্তিগত ফোনেও আড়িপাতছে বলে এক বছর আগে খবর প্রকাশের পর দুই দেশের কূটনীতিক সম্পর্ক শীতল হওয়ার দিকে ইঙ্গিত করে তার পুনরুদ্ধারের কথাও বলেন ওবামা।
ওবামা জেডডিএফকে বলেন, “যা আমাদের বিশ্বস্ত যোগাযোগে বিঘ্ন ঘটায়, সে ধরনের কোনো গোয়েন্দা তৎপরতা চালিয়ে আমি দু’দেশের সম্পর্ক নষ্ট করতে চাই না। আমি যতদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আছি ততদিন জার্মানির চ্যান্সেলরকে এ নিয়ে ভাবতে হবে না।”
যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের টেলিফোনে নিয়মিত আড়িপাতছে বলে একবছর আগে তথ্যফাঁস করেছিলেন সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন।
এধরণের কাজ আর করা হবে না বলে কিছুদিন আগে ওবামার স্পষ্ট ঘোষণার জার্মানির নাম উল্লেখ করে আবারো আশ্বস্ত করলেন তিনি।
ওবামার ওই বক্তব্যে জার্মানির চ্যান্সেলরের ফোনে নজরদারির বিষয়টি স্পষ্ট হল।
“পররাষ্ট্র নীতিতে তার ও ম্যার্কেলের চিন্তা সব সময় একই রকম নাও হতে পারে। তবে সেটা আড়িপাতার কারণে নয়,” দাবি করেন ওবামা।
ফোনে যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির খবরে ক্ষুব্ধ হয়েছিলেন জার্মানির চ্যান্সেলর ম্যার্কেল। এমন কি যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তি রোধে দেশটির সঙ্গে একধরনের ‘নো-স্পাই’ চুক্তি করতেও উদ্যোগী হয়েছেন তিনি।
তবে সাক্ষাৎকারে ওবামা এ নিয়ে কোনো ধরনের ক্ষমাপ্রার্থনা থেকে বিরত থেকেছেন। আন্তর্জাতিক নিরাপত্তার জন্য কেন এধরনের নজরদারি প্রয়োজন সে বিষয়ে যুক্তি দেখান তিনি।
ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দক্ষতা অন্য যে কোনো দেশের চেয়ে অনেক বেশি। এর অর্থই হচ্ছে গোয়েন্দাগিরির কাজে যুক্তরাষ্ট্রের একটা বিশেষ দায়িত্ব রয়েছে।
জেডডিএফ টিভির সাংবাদিকের কাছে ওবামা প্রশ্ন রাখেন- “কেবলমাত্র স্পাইগেল (ম্যাগাজিন) ও নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে যদি নিরাপত্তা কাজ চালানো হয় তবে আমাদের এই ধরনের গোয়েন্দা বিভাগের প্রয়োজন কী?”
ওবামা বলেন, নিয়ম অনুযায়ী মানুষ যা চিন্তা করছে, যা তারা মনে মনে রেখেছে কিংবা তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় যা রয়েছে তা জানাই গোয়েন্দাদের কাজ। আমাদের কূটনৈতিক ও রাজনৈতিক পরিকল্পনাও তাই।
