২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাহুল-বিরোধীদের কংগ্রেস ছাড়তে বললেন খুরশীদ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন দলের ঊর্ধ্বতন নেতা সালমান খুরশিদ হুঁশিয়ার করে বলেছেন, কংগ্রেসের ভেতর যারা রাহুল গান্ধীর বিরোধী তাদেরকে দল ছাড়তে হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 08:23 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

‘জি নিউজ’ জানায়, কংগ্রেসের শীর্ষ নেতাদের একাংশ রাহুলকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার বিরোধী- এমন খবর পেয়ে খুরশীদ দলে তাদের জায়গা হবে না বলে বৃহস্পতিবার ষ্পষ্ট করে জানিয়েছেন।

ভারতের একটি শীর্ষস্থানীয় বেসরকারি টিভি চ্যানেলে তিনি বলেন, “রাহুলের ব্যাপারে কারো কোনো সমস্যা থেকে থাকলে তাকে চলে যেতে হবে।”

খুরশিদ আরো বলেন, “দলের নেতৃত্ব নতুন প্রজন্মের হাতে তুলে দেয়ার সময় এসেছে। তাই রাহুলের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা থাকলে চলবে না। যারা সমস্যা মনে করবেন তারা চলে যাবেন”।

ভারতে এ বছর লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের নীতি-নির্ধারকরা দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর ছেলে এবং সহ-সভাপতি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী প্রার্থী করার সিদ্ধান্ত নিতে চলেছেন বলে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

অনেকেই এ ব্যাপারে রাহুলকে সমর্থন জানালেও দলের শীর্ষ নেতাদের কেউ কেউ এর বিরোধী বলেও খবর পাওয়া যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতেই রাহুল বিরোধীদেরকে সতর্ক করলেন খুরশীদ।

কংগ্রেস নেতাদের কেউ কেউ রাহুলকে প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টির(বিজেপি)প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির কোপানলে পড়তে দিতে চান না।

সেক্ষেত্রে রাহুলকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী না করে কংগ্রেসের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করার পক্ষপাতি তারা। এ মুহূর্তে দলের কেন্দ্রীয় নেতারা রাহুলকে নিয়ে সব বিকল্পই ভেবে দেখছেন।

আর তাই রাহুলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত ঘোষণার আগে তিনটি বিকল্প পন্থা নিয়ে হিসাব-নিকাশ করে দেখতে চান নেতারা। তাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা, দলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করা, নয়ত, মে মাসের নির্বাচনের জন্য প্রচারাভিযানের নেতৃত্বভার দেয়া।

রাহুল অবশ্য এরই মধ্যে ভারতের এক দৈনিককে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার ব্যাপারে প্রস্তুত থাকার আভাস দিয়েছেন।