পাকিস্তানে চিকিৎসাধীন মুশাররফের হাসপাতালে আগুন
পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মুশাররফের যে সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সেখানে অগ্নিকান্ড ঘটেছে।
রাওয়ালপিন্ডির আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব কার্ডিওলজি হাসপাতালে বুধবার সকালে এ অগ্নিকাণ্ড ঘটার কথা জানিয়েছেন কর্মকতারা।
তবে হাসপাতালটিতে ছোট আকারে আগুন লাগে এবং কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তা নিয়ন্ত্রণে আনে বলে জানান তারা।
এ আগুনে মুশাররফের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তার আইনজীবী আহমাদ রাজা কাসুরি। তিনি বলেন, ‘হাসপাতালটির অন্য একটি তলায় আগুন লাগে। মুশাররফে নিরাপদে আছেন।’
‘দ্য ডন’ পত্রিকা জানায়, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত সপ্তাহে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানিতে হাজির হতে আদালতে যাওয়ার পথে বুকে ব্যথা অনুভব করলে পারভেজ মুশাররফকে রাওয়ালপিন্ডির ওই হাসপাতালে নেয়া হয়।
