সিরিয়ায় যুদ্ধবিরতি নিয়ে কেরি-ল্যাভরভ বৈঠক
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সিরিয়ার কিছু কিছু জায়গায় যুদ্ধবিরতি করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।
আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে সিরিয়া শান্তি আলোচনা শুরুর আগে প্যারিসে ল্যাভরভের সঙ্গে সোমবার এ বৈঠক করার কথা জানিয়েছেন কেরি।
সিরিয়া বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মানবিক সাহায্য ঢুকতে দেয়ার কথা বিবেচনা করছে বলেও বৈঠকে জানিয়েছে রাশিয়া। জেনেভা শান্তি আলোচনার আয়োজন নিয়ে আলোচনা করতে কেরি এবং ল্যাভরভ প্যারিসে অবস্থান করছেন।
ল্যাভরভ এবং সিরিয়া শান্তি দূত লাখদার ব্রাহিমির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে কেরি বলেন, “আমরা যুদ্ধবিরতি করার উদ্যোগ নেয়ানোর চেষ্টা চালিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছি। এ যুদ্ধবিরতি স্থানীয়ভাবে কোনো জায়গায়, যেমন: আলেপ্পোয় হতে পারে”।
সিরিয়া শান্তি আলোচনার আগেই যুদ্ধবিরতি হতে পারে এবং সেইসঙ্গে মানবিক ত্রাণ সরবরাহের পথও সুগম হতে পারে বলে কেরি ও ল্যাভরভ আশা প্রকাশ করেন।
বিষয়টি নির্ভর করছে সিরিয়া সরকার কতটা আন্তরিকতা দেখাচ্ছে তার ওপর, বলেন কেরি।
তিনি বলেন, মানবিক সহায়তা দেয়ার বিষয়টি নিয়ে সিরিয়ার শাসকগোষ্ঠীর সঙ্গে এরই মধ্যে আলোচনা হওয়ার কথা ল্যাভরভ তাকে জানিয়েছেন।
সিরিয়া কর্তৃপক্ষ কয়েকটি এলাকা ত্রান সরবরাহের জন্য খুলে দিতে প্রস্তুত বলে জানিয়েছে। বিশেষ করে আল ঘৌতা এলাকা। সেখানে এখন গাড়িবহর ঢুকতে পারবে বলেই মনে করা হচ্ছে।
