২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরণার্থীনীতিতে কঠোর অবস্থানে অনড় অ্যাবোট

সমালোচকরা যাকে সরকারি শরণার্থী নীতির গোপনীয়তা বলে অভিহিত করছেন তার পক্ষে সাফাই বক্তব্য দিয়েছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবোট।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 03:02 PM

Updated : 22 Aug 2022, 05:29 PM

বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ামুখী অন্ততপক্ষে একটি শরণার্থী বোঝাই নৌকাকে দেশটির নৌবাহিনী ইন্দোনেশিয়ায় দিকে ফেরত পাঠিয়েছে। প্রকাশিত এমন একটি সংবাদের বিষয়ে কিছু বলতে চাচ্ছেন না অস্ট্রেলীয় সরকারি কর্মকর্তারা।

ফেরত পাঠানোর সময় শরণার্থীদের সঙ্গে নৌবাহিনীর সদস্যরা অসদাচরণ করেছে বলেও শরণার্থীরা অভিযোগ করেছেন।

এ বিষয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী বলেছেন, তথ্য সরবরাহে বিধিনিষেধ আরোপ করে অভিযানে জোর দেয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, “প্রকৃতপক্ষে নৌকাগুলো আসা বন্ধ করতে এই বিষয়ে বইটা একটু বন্ধ রেখে আমি বরং সমালোচিত হতে চাই।”

“এই বিষয়টি জনসাধারণের আড্ডার খোরক যোগানোর জন্য ছেড়ে দেয়ার বিষয় নয়। বিষয়টি হচ্ছে নৌকাগুলো থামানো।”

“আর আমি সন্তুষ্ট যে কয়েক সপ্তাহ আগে আমরা একটি নৌকাকে ঠেকিয়েছি, সাগরে অভিযানের বিষয়ে আমরা যত কম কথা বলবো, ততই নৌকাগুলো থামানোর পক্ষে এটি ভালো ফল দেবে।”

২০১২ ও ১০১৩ সালে ইন্দোনেশিয়া হয়ে অস্ট্রেলিয়ায় শরণার্থী আসার হার অনেক বেড়ে গিয়েছিল। মানব পাচারকারীদের জন্য ইন্দোনেশিয়া মূলত ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়।

মানব পাচারকারীরা ইরাক, আফগানিস্তান, ইরান ও শ্রীলঙ্কা থেকে আসা মানুষদের অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে নিয়ে যায়।

অতিরিক্ত যাত্রী বোঝাই হালকা নৌকায় করে মানুষ পাচারের সময় প্রায়ই নৌকাডুবিতে অনেক মানুষ মারা যায়।

৭ সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনে অস্ট্রেলিয়ার ক্ষমতায় এসে শরণার্থী সমস্যার বিষয়ে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছিলেন লিবারেল-ন্যাশনাল কোয়ালিশনের প্রধানমন্ত্রী অ্যাবোট। সীমান্তে শরণার্থী বিষয়টির নিয়ন্ত্রণ তিনি দেশের সেনাবাহিনীর হাতে ছেড়ে দিয়েছেন।