ইসরায়েলে বাসে হামলাকারী সন্দেহে আটক ৪
ফিলিস্তিনের জঙ্গিদল ইসলামিক জিহাদ এর সদস্য সন্দেহে বৃহস্পতিবার ইসরায়েল কর্তৃপক্ষ চারজনকে আটক করেছে।
ডিসেম্বরে তেল আবিবের শহরতলীতে একটি বাসে বোমা হামলার সঙ্গে এরা জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।২২ ডিসেম্বর বাসটির যাত্রীরা বাসের ভেতর সন্দেহজনকভাবে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে দ্রুত বাস থেকে নেমে পড়ে। এর কয়েক মিনিটের মধ্যেই বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় বাসের জানালার কাঁচ ভেঙ্গে গুঁড়িয়ে যায়। এতে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলের এক সদস্য সামান্য আহত হন।ইসরাইলের শিন বেত নিরাপত্তা সংস্থা এক বিবৃতিতে জানায়, পশ্চিম তীরের শহর বেথলেহেম থেকে আসা চারজন ফিলিস্তিনি নাগরিককে আটক করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে এদের মধ্যে তিনজন বোমাটি বানিয়েছে এবং একজন সেটা বাসে বয়ে নিয়ে গেছে।প্রথম তিনজনের একজন ফিলিস্তিন পুলিশের সদস্য বলেও বিবৃতিতে বলা হয়েছে।এছাড়া ‘অবকাঠামোগত কার্যক্রম’ চালানোর অভিযোগে আরো দশজনকে আটক করা হয়েছে।তবে বিবৃতিতে তাদের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ ব্যাপারে তদন্ত চলছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে।
