পানির পর বিদ্যুতের দাম কমালেন কেজরিওয়াল
ক্ষমতায় এসে নগরবাসীকে বিনামূল্যে পানি দেয়ার প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরুর পর এবার বিদ্যুতের দামও কমালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার বৈঠক শেষে এ ঘোষণার পাশাপাশি ভারতের রাজধানীতে বিদ্যুৎ সরবরাহকারী প্রধান তিনটি প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষারও নির্দেশ দিয়েছেন তিনি।
কেজরিওয়াল বলেন, মাসে ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের বিল ৫০ শতাংশ কমানো হয়েছে। ১ জানুয়ারি থেকে নতুন এ বিল কার্যকর হবে। তবে ৪০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের আগের নিয়মে পুরো অর্থ দিতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, বিদ্যুতের বিল কমানোয় নয়া দিল্লির ২৮ লাখ গ্রাহক উপকৃত হবেন। এজন্য চলতি অর্থবছরের শেষ তিন মাসে সরকারকে বাড়তি ৬০ কোটি রুপি ব্যয় করতে হবে।
ভারতে দুর্নীতিবিরোধী স্লোগান নিয়ে নির্বাচনে চমক দেখানো আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল গত শনিবার সরকার গঠন করেন। একদিন পর সোমবার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী নগরের প্রতিটি ঘরে বিনামূল্যে ৭০০ লিটার পানি সরবরাহের ঘোষণা দেন তিনি।
তবে এর চেয়ে বেশি পরিমাণ পানি ব্যবহার করলে তাদের পুরো বিল পরিশোধ করতে হবে।
আম আদমি পার্টির অভিযোগ, দিল্লিতে আগের সরকারগুলোর সঙ্গে যোগসাজশ করে বিদ্যুতের দাম বাড়িয়েছিল সরবরাহকারী কোম্পানিগুলো।
তবে বিনামূল্যে পানি সরবরাহ ও বিদ্যুত বিল অর্ধেকে কমিয়ে আনায় সরকার বিপুল অর্থ ভর্তুকি দিতে হবে।
মাত্র এক বছর আগে রাজনীতির ময়দানে এসে দিল্লির বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পায় কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি। ভারতের প্রধান বিরোধী দল বিজেপি এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন পায়নি। সেই সুযোগে ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সমর্থন নিয়ে দিল্লিতে সরকার গঠন করেন কেজরিওয়াল।
