লেবানন সেনাবাহিনীকে ৩শ’ কোটি ডলার দিচ্ছে সৌদি আরব
লেবাননের সেনাবাহিনীকে ৩ বিলিয়ন ডলার মঞ্জুরি সহায়তা দিচ্ছে সৌদি আরব। এই অর্থ সন্ত্রাসবিরোধী লড়াইয়ে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট।
রোববার এক টেলিভিশন ভাষণে লেবাননের প্রেসিডেন্ট মাইকেল সুলায়মান সৌদি অর্থ সহায়তার কথা ঘোষণা করেন বলে বিবিসি জানিয়েছে।সুলায়মান বলেন, “আমাদের ভাইয়ের মতো দেশ সৌদি আরবের রাজা লেবানন সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য উদারভাবে ৩ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে।”এটি লেবাননের ইতিহাসে পাওয়া সবচেয়ে বড় অনুদান জানিয়ে তিনি বলেন, এই অর্থ ফ্রান্স থেকে অস্ত্র কেনায় ব্যয় করা হবে।সৌদি আরব সফররত ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ জানিয়েছেন, লেবাননের যে কোনো অস্ত্রের “প্রয়োজনে” সাড়া দেবে তার দেশ।গাড়িবোমা হামলায় সৌদিপন্থী লেবাননি সুন্নি মুসলিম নেতা মোহাম্মদ চাতাহ নিহত হওয়ার পর এই অর্থ সহায়তা মঞ্জুরের কথা ঘোষিত হল। শনিবার কড়া নিরাপত্তার মধ্যে চাতাহ’র দাফন সম্পন্ন হয়।সিরিয়ার শিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তাকে সমর্থনকারী লেবাননের শিয়া আন্দোলন হিজবুল্লাহর কড়া সমালোচক ছিলেন চাতাহ।এর আগে চলতি মাসের প্রথমদিকে হিজবুল্লার বেসামরিক বাহিনীর এক শীর্ষ নেতা আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর ওই হত্যাকাণ্ডের জন্য সৌদি আরবকে দায়ী করেছিল হিজবুল্লাহ।সিরিয়ার গৃহযুদ্ধে হিজবুল্লাহ আসাদের পক্ষে ও সৌদি আরব আসাদবিরোধী সুন্নি বিদ্রোহীদের পক্ষ নিয়েছে।প্রেসিডেন্ট সুলায়মান বলেছেন, “সৌদি সহায়তা লেবাননের সেনাবাহিনীকে সন্ত্রাসবাদের সঙ্গে মোকাবিলায় সক্ষম করে তুলবে এবং অস্ত্র সক্ষমতা বৃদ্ধি চাহিদার ইতি ঘটাবে।”
