সেনাবাহিনী আমার পাশে আছে: মুশাররফ
পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ রাষ্ট্রদ্রোহিতার বিচারের নামে তার বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে অভিযোগ করে বলেছেন, তার পক্ষে সেনাবাহিনীর সমর্থন আছে।
রাষ্ট্রদ্রোহিতার মামলায় গোটা সামরিক বাহিনী হতাশ হয়েছে। গত এপ্রিলে গৃহবন্দি হওয়ার পর এই প্রথম তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে কোনো মন্তব্য করলেন বলে জানিয়েছে ‘দ্য ডন’।
নির্বাসন থেকে গত মার্চে দেশে ফেরার পর মুশাররফ যেসব মামলার মুখোমুখি হয়েছেন তার মধ্যে রাষ্ট্রদ্রোহিতার এ মামলাটিই সবচেয়ে গুরুতর।
এ মামলাকে ঘিরে সরকারের সঙ্গে প্রভাবশালী সামরিক বাহিনীর সংঘাতের পট প্রস্তুত হয়েছে।
তবে সেনাবাহিনী এখনো মুশাররফের পক্ষে স্পষ্ট কোনো বিবৃতি না দিলেও মুশাররফ বলছেন, পুরো সামরিক বাহিনী যে তার পাশে আছে সে ব্যাপারে তার কোনো সন্দেহ নেই।
২০০৭ সালের নভেম্বরে দেশে জরুরি অবস্থা জারি করে সংবিধান লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে সরকার। বিচারে দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
