কায়রোয় বিশ্ববিদ্যালয়ে আগুন দিল ব্রাদারহুড
মিশরের রাজধানী কায়রোয় আল আজহার বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনে আগুন দিয়েছে দেশটির ক্ষমতাচ্যুৎ প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকরা।
মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শনিবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরীক্ষায় বসার বিরোধিতা করে কর্মসূচিতে নামে মুসলিম ব্রাদারহুডের কর্মীরা।
তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ভবনে তারা আগুন ধরিয়ে দেয়। এরপর কৃষি অনুষদ ভবনেও আগুন দেয়া হয়।
এর আগে গত শুক্রবার কায়রোয় পুলিশের সঙ্গে মুসলিম ব্রাদারহুড কর্মীদের সংঘর্ষে তিন জন নিহত হয়।
গণআন্দোলনের মুখে গত জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে উৎখাত করে সেনাবাহিনী। এরপর থেকে তার মুক্তি ও তাকে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবিতে আন্দোলন করে আসছে মুরসির দল মুসলিম ব্রাদারহুড।
গত সেপ্টেম্বরে দলটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে মিশরের সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার। সম্প্রতি নিলে ডেল্টায় পুলিশ সদরদপ্তরে এক আত্মঘাতী বোমা হামলার পর ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়।
