মিশরজুড়ে নতুন করে সংঘর্ষ, নিহত ৩
মিশরজুড়ে মুসলিম ব্রাদারহুড সমর্থকদের সঙ্গে পুলিশের নতুন করে সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছে।
দামিয়েত্তা এলাকার নাইল ডেল্টা শহরে সংঘর্ষে গুলিতে নিহত হয়েছে ১৮ বছর বয়সী এক মুসলিম ব্রাদারহুড সমর্থক। রাজধানী কায়রোর দক্ষিণে ব্রাদারহুড সমর্থকদের মিনিয়া এলাকায় নিহত হয়েছে আরেকজন এবং কায়রোয় নিহত হয়েছে আরো একজন।
স্বরাষ্ট্রমন্ত্রণালয় একথা জানিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
কায়রো, মিনিয়া প্রদেশ এবং নাইল ডেল্টা ছাড়াও অন্যান্য আরো শহরে সংঘর্ষের খবর পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনী এরই মধ্যে ব্রাদারহুডের ১৪৮ জন সমর্থককে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সেনাবাহিনী গত জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই তার দল মুসলিম ব্রাদারহুডের ওপর দমনপীড়ন চালিয়ে আসছে কর্তৃপক্ষ।
গত বুধবার সরকার মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করার পর সন্ত্রাস-বিরোধী আইনের আওতায় ব্যাপক ধরপাকড় চলছে। বৃহস্পতিবার রাতে ইসলামপন্থি ছাত্রদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে এক ছাত্র নিহত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর পুলিশ মুরসির সমর্থকদের বিক্ষোভ মিছিলে বাধা দেয়ার চেষ্টা নিলে সংঘর্ষ বেধে যায়। কায়রোসহ অন্তত আরো চারটি শহরে এদিন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।
কায়রোর নাসের এলাকায় আল আজহার বিশ্ববিদ্যালয়ে বিক্ষুব্ধ ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে। বৃহস্পতিবারের সংঘর্ষে ছাত্র নিহতের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়টিতে বিক্ষোভ চলছিল।পুলিশের টিয়ার গ্যাসের জবাবে ছাত্ররা পুলিশের দিকে পাথর ছুড়ে মারে।
কায়রোর আরো কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে মুসলিম ব্রাদারহুড সমর্থকদের সহিংসতা হয়েছে।
ইসমাইলিয়ার সুয়েজ ক্যানেলেও পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ ও গুলির খবর পাওয়া গেছে। কায়রো এবং মিনিয়ায় বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন দেয় । সংঘর্ষে বেশ কিছু সংখ্যক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
মিশর সরকার গত সেপ্টেম্বরে মুসলিম ব্রাদারহুডের সব কর্মকাণ্ড নিষিদ্ধ করে। পরবর্তীতে নাইল ডেল্টায় গত মঙ্গলবার একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলার পর দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করে সরকার।
ওই হামলায় ব্রাদারহুড জড়িত বলে সরকার অভিযোগ করেছে। তবে ব্রাদারহুড এ অভিযোগ অস্বীকার করেছে এবং তাদেরকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসাবে চিহ্নিত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ডেকেছে।
