২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেবযানীর মামলা তুলে নিন: যুক্তরাষ্ট্রকে ভারত

ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে ভিসা জালিয়াতির মামলা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে ভারত। দেবযানীকাণ্ডে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির দুঃখ প্রকাশকেই যথেষ্ট বলে মনে করছে না তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Dec 2013, 11:04 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

ভিসার আবেদনে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে ১২ ডিসেম্বরে নিউ ইয়র্কে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে গ্রেপ্তারের পর তাকে হেনস্তার ঘটনাটি প্রকাশ পেলে ক্ষুব্ধ হয় ভারত সরকার। ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বিরোধ তুঙ্গে ওঠে।

দেবযানীকে নিউ ইয়র্কে বিবস্ত্র করে তল্লাশির পর কারাগারে পাঠানোর ঘটনায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শেষ পর্যন্ত ‘দুঃখ প্রকাশ’ করেন।

কিন্তু এতেই সন্তুষ্ট নয় ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদ বলেছেন, দেবযানীর সঙ্গে একজন সাধারণ অপরাধীর মতো আচরণ করা হয়েছে। আর তাই তার বিরুদ্ধে কোনো মামলা থাকাটাও মেনে নেয়া যায় না।

তিনি সাংবাদিকদের বলেন, “কি ঘটেছে এবং কেন ঘটেছে তার একটা ব্যাখ্যা চাই আমরা। আর তার বিরুদ্ধে মামলা তুলে নেয়া এবং অবিলম্বেই তা করার অনুরোধ জানাচ্ছি”।

ভিসা জালিয়াতি ও গৃহপরিচারিকাকে চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না দিয়ে বেশি কাজ করানোর অভিযোগে নিউ ইয়র্কে ভারতীয় কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল দেবযানীকে গ্রেপ্তারের পর আড়াই লাখ ডলারে জামিন দেয়া হয়।

তার বিরুদ্ধে ভিসা আবেদনে ভারতীয় গৃহকর্মীর বিষয়ে ভুয়া তথ্য দেয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রের আইনে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে এ ভারতীয় কূটনীতিকের।

বুধবার দেবযানীর মামলা নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গে ফোনে কথা বলেন জন কেরি। এ সময়ই তিনি দেবযানীকে নিয়ে ঘটে যাওয়া কর্মকাণ্ডে ‘দুঃখ প্রকাশ’ করেন।

কিন্তু ভারতের সরকারের কর্তাব্যক্তিরা বলছেন, ভারতের ক্ষোভ প্রশমনে কেরি খুব বেশিকিছু করেননি।

ভারতের পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী কমল নাথ বলেন, “তাদের পরিষ্কারভাবে ক্ষমা চাওয়া উচিত এবং তারা যে ভুল করেছে তা স্বীকার করে নেয়া উচিত। কেবলমাত্র তখনই আমরা সন্তুষ্ট হব”।

নূন্যতম পদক্ষেপ হিসাবে যুক্তরাষ্ট্রকে নিজে থেকেই দেবযানীর বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করে নিতে হবে এবং ক্ষমা চাইতে হবে বলে জানিয়ে দেন তিনি।

পুরনো খবর:

ভারতীয় কূটনীতিক হেনস্তা: কেরির দুঃখ প্রকাশ