২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় কূটনীতিক হেনস্তা: কেরির দুঃখ প্রকাশ

ভারতীয় নারী কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে নিউ ইয়র্কে বিবস্ত্র করে তল্লাশির পর কারাগারে পাঠানোর ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ‘দুঃখ প্রকাশ’ করেছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 02:52 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

দেবযানীর ঘটনা নিয়ে ওয়াশিংটন-দিল্লি সম্পর্কে টানাপড়েনের পরিপ্রেক্ষিতে বুধবার কেরি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেননের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি দেবযানীর সঙ্গে যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সদস্যদের আচরণের বিষয়ে ‘দুঃখ প্রকাশ’ করেন বলে এনডিটিভি ও বিবিসি জানিয়েছে।

অবশ্য যে অভিযোগের পরিপ্রেক্ষিতে দেবযানীকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই রয়েছে বলে জানিয়েছেন কেরি।

ফোনে আলাপের বিষয়য়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারি হার্ফ।

তিনি বলেন, দেবযানীর বয়সী দুই কন্যা সন্তানের পিতা হিসেবে কেরি ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা মেননকে টেলিফোনে সহানুভূতি জানিয়েছেন।

হার্ফ আরো জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় এ ধরনের কোনো পদক্ষেপ মার্কিন প্রশাসন গ্রহণ করবে না বলে কেরি মেননকে আশ্বস্ত করেছেন।

এরআগে নিউ ইয়র্কে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে গ্রেপ্তার ও হেনস্তার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় নয়াদিল্লি।

ভারতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরের নিরাপত্তা বেষ্টনী সরিয়ে দেয়ার পর নয়াদিল্লি মার্কিন কূটনীতিকদের সুযোগ সুবিধাও বাতিল করেছে। স্থগিত করেছে মার্কিন দূতাবাসের আমদানি ছাড়পত্র।

যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারিদের জন্য শুল্কমুক্ত মদ ও অন্যান্য খাবার আমদানি বন্ধ করেছে ভারত। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে নিযুক্ত ভারতীয়দের কাজের পরিবেশ যাচাই করে শ্রম আইন লঙ্ঘন হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদ।

ওদিকে, ভারতের এমপিরাও বুধবার সকালে পার্লামেন্টের অধিবেশনে দেবযানীকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে এর জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরকারকে অবিলম্বে ব্যবস্থা নেয়ার দাবি তুলেছেন।

ভারতের বিরোধীদলীয় কয়েকজন এমপি সরকারের প্রতি এ দাবি জানান।

ভিসার আবেদনে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে গত ১২ ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ভারতীয় কূটনীতিক (ভারতীয় কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল) দেবযানী খোবরাগাড়েকে গ্রেপ্তারের পর তাকে হেনস্তার ঘটনা প্রকাশ পেলে ক্ষুব্ধ হয় ভারত সরকার।

পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী খুরশীদও বলেছেন, “বিষয়টি এখন আর ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ নেই। এটি এখন একটি জাতি হিসাবে আমাদের আত্মমর্যাদাবোধ এবং বিশ্বে আমাদের অবস্থানের ব্যাপার”।

দেবযানীকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে বহু ভারতীয়ও ক্ষোভ প্রকাশ করেছে।

মেয়েকে স্কুলে নামিয়ে দেয়ার সময় রাস্তা থেকেই দেবযানীকে গ্রেপ্তার করে প্রকাশ্যে তাকে হাতকড়া পরিয়ে দেয়া হয়। পরে আড়াই লাখ ডলার জামিনে মুক্তি দেয়া হয় তাকে।

ভারতে একটি ডানপন্থি বিরোধীদলের সমর্থকরা বুধবার দিল্লির মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ করেছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ওই ঘটনার জন্য ক্ষমা দাবি করেছে তারা।

মার্কিন দূতাবাসের বাইরে থেকে নিরাপত্তা বেষ্টনী সরিয়ে নেয়ায় সন্তোষ প্রকাশ করে বিক্ষোভকারীরা বলেছে, যুক্তরাষ্ট্র দুঃখ প্রকাশ না করা পর্যন্ত তাদেরকে কোনো নিরাপত্তা দেয়া হবে না।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বলেছে, ভারত সরকার মার্কিন দূতাবাসকে সুরক্ষা দেবে বলেই তারা আশা করে এবং দেবযানীর ঘটনায় ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষতিও তারা চায় না। এরই ধারাবাহিকতায় সুর নরম করে কেরি ‘দুঃখ প্রকাশ’ করলেন।

এদিকে, দেবযানীকে গতকাল জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে নেয়া হয়েছে। ফলে ভিয়েনা কনভেনশন অনুযায়ী তাঁর কূটনৈতিক রক্ষাকবচ আরও বেড়ে গেছে।

শুক্রবার দেবযানীকে আদালতে তোলা হলে সেখান থেকে তিনি জামিনে মুক্তি পান।